২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু এমবাপে নয়, সবার কাছে গোল চান আলোন্সো

সবশেষ দুই ম্যাচে জয়হীন রেয়াল মাদ্রিদ, ম্যাচ দুটিতে কোনো গোলও পায়নি তারা।

শুধু এমবাপে নয়, সবার কাছে গোল চান আলোন্সো
কিলিয়ান এমবাপের সঙ্গে শাবি আলোন্সো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 08:24 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

রেয়াল মাদ্রিদের হয়ে সবশেষ দুই ম্যাচে গোল করতে পারেননি কিলিয়ান এমবাপে, জালের দেখা পায়নি তার দলও। গোলের জন্য শুধু একজনের ওপর নির্ভর না করে দলের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন কোচ শাবি আলোন্সো।  

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর রোববার লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে রেয়াল মাদ্রিদ। এলচের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

বিরতির আগে সবশেষ দুই ম্যাচে জয়ের দেখা পায়নি রেয়াল। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের মাঠে ১-০ গোলের হারের পর, লা লিগায় রায়ো ভাইয়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র করে ইউরোপের সফলতম দলটি। 

পয়েন্ট হারানোর পাশাপাশি ওই দুই ম্যাচে গোল করতে না পারাটা তাদের জন্য বড় দুর্ভাবনার। বিশেষ করে, এই মৌসুমে ১৬ ম্যাচে ১৮ গোল করা এমবাপের ম্যাচ দুটিতে নিষ্প্রভ থাকা এবং সেই সঙ্গে তার সতীর্থদের দলের প্রয়োজনে এগিয়ে আসতে না পারা নিয়ে চলছে আলোচনা। এলচের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এ নিয়ে দলকে বার্তা দিলেন আলোন্সো।

“এমবাপে সবশেষ দুই ম্যাচে গোল করতে পারেনি? আমরা বিষয়টি বিশ্লেষণ করেছি। এটা (গোল করা) শুধু কিলিয়ানের ওপর নির্ভর করে না, পুরো দলের দায়িত্ব। আমাদের বিকল্প খুঁজতে হবে। সেট পিস নিয়েও কাজ করতে হবে আমাদের। গোল আসবে, আমার কোনো সংশয় নেই।”

আলোন্সো ও রেয়ালকে নিয়ে সমালোচনাও হচ্ছে বেশ। তবে সেসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না দলটির সাবেক এই মিডফিল্ডার। 

“আমরা কোথায় আছি এবং রেয়াল মাদ্রিদকে নিয়ে প্রত্যাশা কী, আমরা জানি। আমরা স্বাভাবিকভাবে সবকিছু সামলাই, আমরা এটাকে (সমালোচনা) বেশি গুরুত্ব দেই না।”

১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে রেয়াল। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নম্বরে থাকা বার্সেলোনা শনিবার আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে।