১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘আমার একমাত্র লক্ষ্য ছিল বার্সায় ফেরা’

তৃতীয়বারের মতো বার্সেলোনায় যোগ দিলেন জুয়াও কান্সেলো, এবার স্থায়ীভাবে।

‘আমার একমাত্র লক্ষ্য ছিল বার্সায় ফেরা’
জুয়াও কান্সেলো। ছবি: বার্সেলোনা ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 11:57 PM

Updated : 16 Sep 2026, 12:59 PM

জুয়াও কান্সেলো এখন আবার বার্সেলোনার খেলোয়াড়। তবে কাম্প নউয়ে তার আগের দুটি মেয়াদের মতো নয়, যখন ম্যানচেস্টার সিটি ও আল-হিলাল থেকে তিনি ধারে এসেছিলেন। এবার স্থায়ীভাবে কাতালান ক্লাবটিতে যোগ দিয়ে পর্তুগিজ ডিফেন্ডার বললেন, এখানে ফেরাটাই ছিল তার একমাত্র লক্ষ্য।

৩২ বছর বয়সী এই ফুটবলার ২০২৩-২৪ মৌসুমে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি থেকে ধারে প্রথমবার বার্সেলোনায় যোগ দেন। গত জানুয়ারিতে সৌদি প্রো লিগের দল আল-হিলাল থেকে আবার ধারে স্প্যানিশ ক্লাবে ফেরেন তিনি।

এবার আল-হিলাল ছেড়ে পুনরায় বার্সেলোনা দলে যোগ দিলেন এই ফুল-ব্যাক। বৃহস্পতিবার বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে এক অনুষ্ঠানে তিন মৌসুমের জন্য চুক্তি স্বাক্ষর করেন তিনি। 

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনায় ফেরার প্রক্রিয়া সম্পন্ন করার আগে তিনি পারস্পরিক সম্মতিতে আল-হিলালের সঙ্গে তার চুক্তি বাতিল করেন।

তৃতীয়বার বার্সেলোনায় যোগ দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কান্সেলো বলেন, এখানে ফেরার ভাবনা তার সবসময়ই ছিল। 

“বার্সার প্রতি আমার ভালোবাসা সবসময় একইরকম ছিল। আমি এখানে আসতে পেরে খুব খুশি। পার্থক্যটা হলো, এখানে আমার প্রথম মৌসুমটা আমাকে এক মিশ্র অনুভূতি দিয়েছিল। (সেবার) কোনো শিরোপা জিততে পারিনি। কিন্তু গত মৌসুমে আমি তা পেরেছি এবং শৈশবের একটি স্বপ্ন পূরণ করেছি।

গত কয়েক সপ্তাহ বেশ কঠিন ছিল, কিন্তু আমি কী চাই, সে ব্যাপারে নিজে পরিষ্কার ছিলাম। একমাত্র অন্য সম্ভাবনা ছিল যে, আল-হিলালে এক বছর না খেলেই থেকে যেতাম, কারণ আমার একমাত্র লক্ষ্য ছিল বার্সায় ফেরা। আমার প্রতিনিধিরা জানতেন যে, আমি শুধু এখানেই খেলতে চেয়েছি।”

বার্সেলোনায় দুই মেয়াদে ৬৫ ম্যাচ খেলে ছয়টি গোল ও ৯টি অ্যাসিস্ট করা কান্সেলো এবার সর্বোচ্চ উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এসেছেন। 

“বার্সার মতো একটি ক্লাবকে সবকিছু জেতার জন্য প্রস্তুত থাকতে হয়। আমরা অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগের জন্য লড়ব। চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য আমরা সম্ভাব্য সবকিছুই করব।”

এবার বার্সেলোনায় সিটির সাবেক সতীর্থ রদ্রিকেও পাচ্ছেন কান্সেলো। ২০২৪ সালের ব্যালন দ’র জয়ীর উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।

“আমার ক্যারিয়ারে যাদের সঙ্গে খেলেছি, তাদের মধ্যে সেরাদের একজন রদ্রি। সে এমন একজন খেলোয়াড়, যে আক্রমণ ও রক্ষণ উভয় ক্ষেত্রেই অনেক অবদান রাখে। সে সাহায্য করার জন্যই এখানে আছে; সিটিতে থাকাকালীন সময় থেকে তার সঙ্গে আমার ভালো সম্পর্ক। তার সঙ্গে খেলা খুব সহজ।”

হান্সি ফ্লিকের হাত ধরে টানা তৃতীয় লা লিগা শিরোপা জয়ের লক্ষ্যে মৌসুম শুরু করবে বার্সেলোনা। চলতি দলবদলে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি ছাড়াও ইংল্যান্ডের উইঙ্গার অ্যান্থনি গর্ডন ও জার্মানির ফরোয়ার্ড কারিম আডেইয়েমিকে দলে অন্তর্ভুক্ত করে স্কোয়াডকে আরও শক্তিশালী করেছে তারা।

আগামী রোববার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ফ্লিকের দল।