‘নির্ভীক’ বায়ার্ন মিউনিখকে নিয়ে সতর্ক আরবেলোয়া
চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের প্রথম লেগে লড়াইয়ের আগে প্রতিপক্ষের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আলভারো আরবেলোয়া।
প্রতিপক্ষ আক্রমণে উঠলে রক্ষণভাগকে সহায়তা করতে বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ডরাও নেমে যান নিচে। জার্মান চ্যাম্পিয়নদের এই কৌশল বেশ ভালো লাগে আলভারো আরবেলোয়ার। চ্যাম্পিয়ন্স লিগে দলটির মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষের খেলার ধরনের উচ্ছ্বসিত প্রশংসা করলেন রেয়াল মাদ্রিদ কোচ।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার বায়ার্নের মুখোমুখি হবে রেয়াল। ইউরোপের সফলতম দলটির ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত একটায় শুরু লড়াই।
এমনিতে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে সাম্প্রতিক সময়ে বায়ার্নের বিপক্ষে আধিপত্য করে আসছে রেয়াল। এক যুগের বেশি সময় ধরে এই প্রতিযোগিতার নকআউটে দলটির বিপক্ষে হারেনি তারা।
এই সময়ে তিনবার সেমি-ফাইনাল ও একবার কোয়ার্টার-ফাইনালে বায়ার্নের মুখোমুখি হয়েছে রেয়াল। আট ম্যাচের মধ্যে ছয়টিই জিতেছে তারা, বাকি দুটি ড্র।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য ছন্দে আছে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করে তারা। এখন পর্যন্ত আসরে স্রেফ একটি ম্যাচ হেরেছে দলটি।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে রেয়াল কোচ আরবেলোয়া স্তুতির জোয়ারে ভাসান বায়ার্নকে।
“রক্ষণে তারা আগ্রাসী, তারা নির্ভীক, সাহসী, প্রতিপক্ষের ফুটবলারদের খুব কাছ থেকে পাহারায় রাখে। খুব দ্রুত গতিতে তারা রক্ষণে ফিরে আসে।”
“তারা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল, দলটিতে প্রতিপক্ষকে ঘায়েল করার মতো অনেক অস্ত্র আছে। তারা প্রচুর গোল করতে পারে এবং রক্ষণে দলের সবাই সক্রিয়ভাবে ভূমিকা রাখে।”
শেষ আটের দ্বিতীয় লেগ হবে আগামী ১৫ এপ্রিল, মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়।
