২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রেয়াল মাদ্রিদ শীঘ্রই আবার জিততে শুরু করবে’

টানা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দলকে দ্রুত ঘুরে দাঁড়ানোর তাগিদ দিলেন এমবাপে।

‘রেয়াল মাদ্রিদ শীঘ্রই আবার জিততে শুরু করবে’
দলের সঙ্গে কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2026, 03:16 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

টানা চার ম্যাচে নেই জয়ের দেখা, বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগেই হেরে বিদায় হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে, তাতে প্রায় নিশ্চিত হয়ে হয়ে গেছে যে কোনো মেজর শিরোপা ছাড়াই শেষ হতে যাচ্ছে রেয়াল মাদ্রিদের আরেকটি মৌসুম- ভীষণ প্রতিকূল এই সময়ে আশার কথা শোনালেন কিলিয়ান এমবাপে। দৃঢ় কণ্ঠে শিগগিরই জয়ের পথে ফেরার প্রতিশ্রুতি দিলেন ফরাসি তারকা।

লা লিগায় সবশেষ দুই রাউন্ডে মায়োর্কার মাঠে হারের পর, ঘরের মাঠে জিরোনার সঙ্গে ড্র করে রেয়াল মাদ্রিদ। এতে তাদের লিগ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন একদম শেষই হয়ে গেছে বলা যায়। 

টেবিলের শীর্ষস্থান থেকে পিছিয়ে পড়েছে ৯ পয়েন্টে; ৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে আগেই কোপা দেল রে থেকে ছিটকে পড়া মাদ্রিদের দলটি। 

ওই দুই ম্যাচের মাঝে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হারে আলভারো আরবেলো দল। ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছিল কোচ ও খেলোয়াড়রা। আলিয়াঞ্জ অ্যারেনায় দারুণ লড়াইও করে তারা; কিন্তু শেষ পর্যন্ত সেই ম্যাচও ৪-৩ গোলে হেরে টানা দ্বিতীয় মৌসুমে প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় রেয়াল। 

বাংলাদেশ সময় পরের দিন রাতে ইনস্টাগ্রাম বার্তায় মিউনিখের ওই হতাশাজনক যাত্রা নিয়ে নিজের অনুভুতি জানান এমবাপে।

“আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি, কিন্তু তা যথেষ্ট হয়নি। এমন গুরুত্বপূর্ণ এক প্রতিযোগিতা থেকে ছিটকে পড়া হতাশাজনক, তবে আমাদের এখন সামনে তাকাতে হবে।” 

বায়ার্নের মাঠে তিন বার এগিয়ে যায় রেয়াল। দলের তৃতীয় গোলটি করেন এমবাপে। তার গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি। কিন্তু নির্ধারিত সময়ের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হওয়ার পর, আরও দুটি গোল হজম করে তারা।

এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দলকে দ্রুত ঘুরে দাঁড়ানোর তাগিদ দিলেন এমবাপে।

“এরকম হতাশা এড়াতে আমাদেরকে নিজেদের (পারফরম্যান্সে) সতর্ক দৃষ্টি দিতে হবে। আমরা কখনও হাল ছাড়ি না। মাদ্রিদে ব্যর্থতা কখনও বিকল্প ছিল না, ভবিষ্যতেও থাকবে না।”

“আমি একটা কথা দিতে পারি, আবার আমরা জিততে শুরু করব, খুব শ্রীঘ্রই।”