২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাদার ফুটবলকে স্ট্যাসনির বিদায়

৩৪ বছর বয়সেই ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন পোল্যান্ডের এই গোলরক্ষক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2024, 10:05 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

ইউভেন্তুসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর ক্যারিয়ার নিয়ে বড় এক সিদ্ধান্ত নিলেন ভয়চেখ স্ট‍্যাসনি। পেশাদার ফুটবলকেই বিদায় বলে দিলেন পোল্যান্ডের এই গোলরক্ষক।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মঙ্গলবার এক পোস্ট করে খেলোয়াড়ি জীবনের ইতি টানার ঘোষণা দেন স্ট্যাসনি।

ইউভেন্তুসে সাত মৌসুম কাটান স্ট্যাসনি। সেরি আর ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি বাকি ছিল তার। কিন্তু সম্প্রতি পারস্পারিক সমঝোতায় দলটি ছেড়ে দেন তিনি। সপ্তাহখানেক পরই এবার দিলেন অবসরের ঘোষণা।

২০০৬ সালে আর্সেনালে যোগ দিয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন স্ট্যাসনি। দীর্ঘদিন ইংলিশ দলটির হয়ে খেলেন তিনি। সব মিলিয়ে আর্সেনালের জার্সিতে ১৮১ ম্যাচে মাঠে নামেন এই গোলরক্ষক।

আর্সেনালে থাকাকালীন ব্রেন্টফোর্ড ও রোমায় ধারে খেলেন স্ট্যাসনি। ২০১৭ সালে যোগ দেন তিনি ইউভেন্তুসে। ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচে মাঠে নামেন ইতালিয়ান ক্লাবটির হয়ে, ২৫২ ম্যাচ।

ইউভেন্তুসের হয়ে তিনটি করে লিগ শিরোপা ও ইতালিয়ান কাপ জেতার স্বাদ পান ৩৪ বছর বয়সী স্ট্যাসনি। 

ইউরোর সবশেষ আসরেও পোল্যান্ডের হয়ে খেলেন তিনি। জার্মানির আসরে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে পোলিশরা। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে ৮৪ ম্যাচে গোলবারের নিচে দাঁড়ান স্ট্যাসনি।