২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের বিপক্ষে রেয়াল মাদ্রিদের বড় জয় চান লেভারকুজেন সিইও

রেয়াল মাদ্রিদের সাম্প্রতিক সময়ের বাজে পারফরম্যান্সে দলটির অনেক সমর্থক যে স্বপ্ন দেখার সাহস পাচ্ছেন না, সেটারই আশায় আছেন জার্মান ক্লাবটির প্রধান নির্বাহী।

আর্সেনালের বিপক্ষে রেয়াল মাদ্রিদের বড় জয় চান লেভারকুজেন সিইও
আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হেরে হতাশ রেয়াল মাদ্রিদ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2025, 04:34 PM

Updated : 26 Aug 2026, 12:29 PM

আর্সেনালের মাঠে ভরাডুবিতে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে চলে গেছে রেয়াল মাদ্রিদ। সেখান থেকে ঘুরে দাঁড়াতে অবিশ্বাস্য কোনো গল্পই লিখতে হবে মাদ্রিদের দলটিকে, পাহাড় টপকানোর এমন স্বপ্ন দেখার সাহস হয়তো অনেক রেয়াল সমর্থকেরও নেই। তবে অদ্ভূত এক কারণে মাদ্রিদের দলটির জন্য যেন প্রার্থনায় বসেছেন বায়ার লেভারকুজেনের প্রধান নির্বাহী ফের্নান্দো কারো।

গত মৌসুমে শাবি আলোন্সোর কোচিংয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবার বুন্ডেসলিগা শিরোপা জয়ের স্বাদ পায় লেভারকুজেন। গড়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড। গতবার জার্মান কাপও ঘরে তোলে তারা।

এরপরই আলোন্সোর ওপর নাকি চোখ পড়ে তার সাবেক ক্লাব রেয়াল মাদ্রিদের। নিজেদের সাবেক এই মিডফিল্ডারকে ইউরোপের সফলতম ক্লাবটি ডাগআউটের দায়িত্ব দিতে চায় বলে খবর আসতে থাকে। যদিও দলটির বর্তমান কোচ কার্লো আনচেলত্তি সেখানে বেশ সফল।

তবে গত মৌসুমের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রেয়াল মাদ্রিদের চলতি মৌসুমে সময়টা ভালো যাচ্ছে না। তাতে একটু একটু করে নড়ছে দলটিতে আনচেলত্তির অবস্থান। একই সঙ্গে সান্তিয়াগো বের্নাবেউয়ে তার উত্তরসূরি হিসেবে আলোন্সোকে নিয়ে গুঞ্জনও।

এসব গুঞ্জন নিয়ে এক প্রশ্নের উত্তরে লেভারকুজেন কর্তা কারো পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেন।

“আমাদের সঙ্গে তার (আলোন্সো) এখনও একটা চুক্তি আছে এবং তিনি এখানে স্বচ্ছন্দে আছেন। তাকে এখানে ধরেই আমরা বর্তমানের পরিকল্পনা করছি এবং দলের অনুশীলন, ম্যাচের কৌশল ও স্কোয়াড নিয়ে আমাদের আগামী মৌসুমের পরিকল্পনাতেও তিনি আছেন।”

এবারের লা লিগায় শিরোপা ধরে রাখার লড়াইয়ে বেশ পিছিয়ে পড়েছে রেয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে তারা, অবশ্য একটি ম্যাচ কম খেলেছে আনচেলত্তির দল। 

তবে আপাতত রেয়ালের সবচেয়ে বড় ভাবনা চ্যাম্পিয়ন্স লিগ ঘিরে; কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে ৩-০ গোলে হেরে গেছে দলটি। শিরোপা ধরে রাখার আশা বাঁচিয়ে রাখতে আগামী বুধবার ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য কোনো গল্প লেখতে হবে তাদের। অন্যথায় আনচেলত্তির পজিশন নড়বড়ে হয়ে যাবে এবং আলোন্সোকে নিয়ে ওই সম্ভাবনাও বাড়বে।

মূলত এই কারণেই নিজেদের কোচকে ধরে রাখা নিশ্চিত করতে আর্সেনালের বিপক্ষে রেয়ালের দাপুটে জয় চান ফের্নান্দো কারো।

“(রেয়াল) মাদ্রিদ অনেক বড় ব্যবধানে জিতলে এবং তাতে কোচিং পজিশন নিয়ে অস্থিরতা মিটে গেলে আমার ভালো লাগবে। কোয়ার্টার-ফাইনালে আর্সেনালের বিপক্ষে রেয়াল মাদ্রিদের মতো কোনো দল ৩-০ গোলে হারলে, এমন গুঞ্জন শুরু হওয়াটাই স্বাভাবিক। এগুলো এড়ানো গেলেই ভালো হয়।”