২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অশ্লীল অঙ্গভঙ্গি, ভিএআরের হস্তক্ষেপে বহিষ্কৃত ব্রাজিলিয়ান মিডফিল্ডার

প্রতিপক্ষের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করার পর মনিটরে রিপ্লে দেখে এলানকে মাঠ থেকে বের করে দেন রেফারি।

অশ্লীল অঙ্গভঙ্গি, ভিএআরের হস্তক্ষেপে বহিষ্কৃত ব্রাজিলিয়ান মিডফিল্ডার
রেফারি অন্যদিকে মুখ ফেরালে অশ্লীল অঙ্গভঙ্গি করেন এলান। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 06:43 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

ব্রাজিলিয়ান সেরি আর ম্যাচে প্রতিপক্ষের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করে লাল কার্ড দেখেন করিন্থিয়ান্সের মিডফিল্ডার এলান। রেফারি ঘটনাটি দেখতে না পারায় হস্তক্ষেপ করে ভিএআর।

ফ্লুমিনেসির বিপক্ষে বুধবার ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে লুসিয়ানো আকোস্তার সঙ্গে তর্কের জেরে হলুদ কার্ড দেখেন এলান। সেই সময় রেফারি যেই অন্যদিকে মুখ ফেরান, তখন ফ্লুমিনেসির ফরোয়ার্ড কেভিন সের্নাকে লক্ষ্য করে কুঁচকির সংবেদনশীল অংশ ধরে রেখে অশ্লীল অঙ্গভঙ্গি করেন এলান।

ভিএআরের (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) মাধ্যমে জানার পর রেফারি ঘটনাটির রিপ্লে দেখার জন্য মাঠের পাশের স্ক্রিনের কাছে যান, এরপর এলানকে বহিষ্কার করেন।

ম্যাচটি শেষ পর্যন্ত ৩-১ গোলে জেতে ফ্লুমিনেসি। শীর্ষে থাকা পালমেইরাসের সমান ১৯ পয়েন্ট তাদের।

২৯ বছর বয়সী এলান ২০১৫ সালে লিভারপুলে যোগ দিয়েছিলেন, কিন্তু ওয়ার্ক পারমিট পেতে ব্যর্থ হওয়ায় ইংলিশ ক্লাবটির হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা হয়নি তার।