এবার লিগ জিতবে আর্সেনাল, বিশ্বাস সাকার
প্রিমিয়ার লিগে আর্সেনালের ২১ বছরের শিরোপা খরার অবসান এই মৌসুমে ঘটবে বলে আশাবাদী বুকায়ো সাকা।
একের পর এক মৌসুম কেটে যায়, ইংলিশ প্রিমিয়ার লিগে আরেকটি শিরোপার স্বাদ আর পাওয়া হয় না আর্সেনালের। গত দুই মৌসুমে শিরোপা জয়ের প্রবল সম্ভাবনা জাগালেও, শেষ পর্যন্ত রানার্সআপ হয় তারা। তবে দলটির ফরোয়ার্ড বুকায়ো সাকার দৃঢ় বিশ্বাস, এই মৌসুমে তাদের দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটবে।
আর্সেন ভেঙ্গারের কোচিংয়ে ২০০৩-০৪ মৌসুমে অজেয় থেকে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় আর্সেনাল। তারপর থেকে আর লিগ জিততে পারেনি তারা।
২০২২-২৩ মৌসুমের শুরু থেকে দারুণ খেলে প্রায় ২৫০ দিন পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শিরোপা খরা কাটানোর সম্ভাবনা জোরাল করে দলটি। তবে মৌসুমের শেষের অংশে গড়বড় হয়ে যায় সব। হোঁচট খায় তারা একের পর এক ম্যাচে। তাদের ব্যর্থতা এবং সেই সময় নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সে তিন ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে নেয় ম্যানচেস্টার সিটি।
গত মৌসুমে তো আর্সেনাল লিগের শেষ দিন পর্যন্ত জিইয়ে রাখে সম্ভাবনা। তবে তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে, প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা চার মৌসুমে শিরোপা জয়ের কীর্তি গড়ে পেপ গুয়ার্দিওলার সিটি।
এই মৌসুমে প্রথম ৬ রাউন্ড শেষে লিগে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা সিটির সমান ১৪ পয়েন্ট তাদের। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ঘরের মাঠে পিএসজির বিপক্ষে ২-০ গোলে জয়ের পর সিবিএস স্পোর্টসকে সাকা বলেন, এবার তারা লিগ শিরোপা জিতবেন বলেই মনে হচ্ছে তার।
“নিজেদের ওপর খুব বেশি চাপ দিতে চাই না, তবে আমি মনে করি, এই বছর (আর্সেনাল শিরোপা জিতবে)। গত দুই মৌসুমে আমরা (শিরোপা জয়ের) কাছাকাছি ছিলাম এবং আমরা আরও কাছে আসছি, আশা করি এই বছর (অপেক্ষার অবসান) হবে।”
ক্লাব ক্যারিয়ারে শুরু থেকে আর্সেনালের হয়েই খেলছেন ২৩ বছর বয়সী সাকা। তাই প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ এখনও পাওয়া হয়নি তার। জাতীয় দল ইংল্যান্ডের হয়ে তিনি এখনও পাননি কোনো শিরোপার স্বাদ। ২০২১ ও ২০২৪ সালে ইউরোর ফাইনালে হেরে যাওয়া দলের অংশ ছিলেন তিনি।
আগের সব হতাশা থেকেই এবার শিরোপা জয়ের আত্মবিশ্বাস পাচ্ছেন আর্সেনালের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়।
“আগের বছরগুলোতে আমি অনেকবার রানার্সআপ হয়েছি। এই মৌসুমে জিততে চাই এবং অবশ্যই নিজের ওপর আমার অনেক বিশ্বাস আছে।”
“আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি, আমরা বিশ্বাস করি যে, আমরা শীর্ষমানের দল। আজ (মঙ্গলবার) রাতে আমরা তা দেখিয়েছি (পিএসজির বিপক্ষে)। আমি সতীর্থদের বলেছিলাম, যখন বড় দলগুলো এমিরেটসে আসবে, তখন আমাদের দেখিয়ে দিতে হবে।”
