২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরি আর শিরোপা নির্ধারণী দুই ম্যাচের সূচিতে বদল

নাপোলি-কাইয়ারি ও ইন্টার মিলান-কোমো লড়াই দুই দিন এগিয়ে আনা হয়েছে।

সেরি আর শিরোপা নির্ধারণী দুই ম্যাচের সূচিতে বদল
ইন্টার মিলান। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2025, 09:22 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

ইতালির শীর্ষ ঘরোয়া প্রতিযোগিতা সেরি আর শিরোপা নির্ধারক দুই ম্যাচের সূচিতে পরিবর্তন করা হয়েছে। নাপোলি-কাইয়ারি ও ইন্টার মিলান-কোমোর লড়াই দুই দিন এগিয়ে এনেছে কর্তৃপক্ষ।

আগামী রোববার মাঠে গড়ানোর কথা ছিল সেরি আর এবার মৌসুমের শেষ রাউন্ডের ম্যাচ দুটি। ইতালিয়ান লিগের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, নতুন সূচিতে নাপোলি ও ইন্টার তাদের নিজ নিজ ম্যাচ খেলবে শুক্রবার। একই সময়ে শুরু হবে লড়াই।

সেরি আর শিরোপার নিষ্পত্তি হয়ে যাবে এই দুই ম্যাচে। লিগ টেবিলে দল দুটির পয়েন্টের ব্যবধান কেবল এক। ৩৭ ম্যাচে ২৩ জয় ও ১০ ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি। আর সমান ম্যাচে সমান জয় ও ৯ ড্রয়ে ৭৮ পয়েন্ট ইন্টারের।

ঘরের মাঠে কাইয়ারিকে হারাতে পারলেই কোনো যদি-কিন্তু ছাড়া শিরোপা পুনরুদ্ধার করবে নাপোলি। হারলেও অবশ্য ইতালির সেরা হতে পারে তারা, এ ক্ষেত্রে তাদের কামনা করতে হবে ছন্দে থাকা কোমোর মাঠে ইন্টারের পরাজয়।

আবার নাপোলি ও ইন্টার, দুই দলই যদি নিজেদের ম্যাচে ড্র করে তাহলে এক পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা ঘরে তুলবে আন্তোনিও কন্তের নাপোলি।

শিরোপা ধরে রাখতে হলে ইন্টারকে নিজেদের ম্যাচ তো জিততেই হবে, সঙ্গে পক্ষে আসতে হবে নাপোলি ম্যাচের ফল; কাইয়ারির বিপক্ষে নাপোলি হারলে কিংবা ড্র করলে ফের চ্যাম্পিয়ন হতে পারে সিমোনে ইনজাগির দল।

নাপোলি হারলে ও ইন্টার ড্র করলে দুই দলেরই পয়েন্ট সমান হবে। তখন শিরোপার জন্য তাদের লড়াই করতে হবে প্লে-অফে।

সম্ভাব্য প্লে-অফ ম্যাচটি হতে পারে আগামী ২৬ মে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আগামী ৩১ মে পিএসজির মুখোমুখি হবে ইন্টার।

সেরি আর শেষ রাউন্ডের বাকি ৬ ম্যাচ হবে আগামী রোববার। নাপোলি, ইন্টার ও আতালান্তা চ‍্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে। আরেকটা জায়গার জন‍্য ইউভেন্তুস ও রোমার মধ্যে লড়াই চলছে তুমুল।