৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে আবাহনীকে হারাল মোহামেডান
এবারের লিগে তিন ম্যাচ খেলে জয়হীন রইল আবাহনী।
প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়া মোহামেডান বিরতির পর আরও একবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিল। তবে দুই গোল শোধ করে লড়াই জমিয়ে তুলল আবাহনী। শেষ পর্যন্ত অবশ্য নাটকীয় কিছু করতে পারল না তারা। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে আসরে প্রথম জয়ের স্বাদ পেল মোহামেডান।
বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডের জমজমাট ম্যাচটি ৩-২ গোলে জিতেছে শিরোপাধারীরা।
চলতি আসরে প্রথম দুই ম্যাচের একটিতে ড্র ও অন্যটিতে হেরেছিল মোহামেডান। আবাহনী তিন ম্যাচ খেলে জয়হীনই রইল; হার দুটি, ড্র একটি।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সোমবার ২০তম মিনিটে রহিম উদ্দিনের গোলে এগিয়ে যায় মোহামেডান। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এলি কেকে এমানুয়েল।
৫৮তম স্কোরলাইন ৩-০ করে মোহামেডান, হেডে আবাহনীর জালে বল পাঠান স্যামুয়েল বোয়াটেং।
অনায়াস জয়ের পথে তখন মোহামেডান। তবে ৭২ থেকে ৭৮, ছয় মিনিটের মধ্যে পাপন সিংহ ও শেখ মোরসালিনের লক্ষ্যভেদে দুই গোল শোধ করে নাটকীয় কিছুর আভাস দেয় আবাহনী। পরে আরও কয়েকবার চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি তারা।
দিনের আরেক ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এছাড়া ফর্টিস এফসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে পুলিশ এফসি। ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ব্রাদার্স ইউনিয়ন।
