২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারির উইন্ডোতে স্বল্পমেয়াদী সমস্যা-সমাধানের ভাবনা নেই গুয়ার্দিওলার

জানুয়ারিতে খেলোয়াড় কিনলেও সেটা শুধু চলমান সমস্যা সমাধানের জন্য হবে না, জানালেন ম্যানচেস্টার সিটি কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2024, 05:57 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

জেঁকে বসা চোট সমস্যা তো আছেই, সঙ্গে তারকা খেলোয়াড়দের বাজে পারফরম্যান্সও খুব ভোগাচ্ছে ম্যানচেস্টার সিটিকে। ঘাটতি কোনো এক জায়গায় নয়; রক্ষণ, মাঝমাঠ, আক্রমণভাগ সবখানে। দ্রুত সমস্যা সমাধানের জন্য আসছে জানুয়ারির দলবদলে নতুন খেলোয়াড় কেনার পরিকল্পনা করছে দল?- পরিষ্কার কোনো উত্তর দেননি সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। 

তবে খেলোয়াড় কিনলেও সেটা শুধু চলমান সমস্যা সমাধানের জন্য হবে না, জানালেন কোচ। লম্বা সময়ের ভবিষ্যৎ পরিকল্পনায় সেটা করা হবে।

মৌসুমের শুরু থেকে সবকিছু ঠিকঠাকই চলছিল। টানা পঞ্চমবার প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল সিটি। অন্য প্রতিযোগিতায়ও অপরাজেয় যাত্রায় ছিল তারা। হঠাৎ ছন্দপতন হয় গত ৩০ অক্টোবর, লিগ কাপে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হেরে ছিটকে পড়ে গুয়ার্দিওলার দল।

সেই যে জয়ের পথ থেকে ছিটকে পড়ল সিটি, কক্ষচ্যুত দলটি এখন যেন জিততেই ভুলে গেছে। লিগে সবশেষ ৯ ম্যাচে তাদের জয় মাত্র একটি, হেরেছে এর মধ্যে ছয়টিতেই। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচেও জয় কেবল ওই একটিই।

ম্যাচের পর ম্যাচে রক্ষণে বাজেভাবে ভুগছে দলটি, মাঝমাঠের সঙ্গে আক্রমণভাগের সমন্বয় হচ্ছে না ঠিকঠাক। আর ফিনিশিংয়ে দুর্বলতাও ভীষণ দৃষ্টিকটু। সবশেষ বৃহস্পতিবার রাতে যেমন এভারটনের বিপক্ষে বের্নার্দো সিলভার গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পরও, গোলের জন্য প্রতিপক্ষের চেয়ে তিনগুন শট নিয়েও জিততে পারেনি তারা। আর্লিং হলান্ড পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার পর ১-১ ড্র হয় ম্যাচটি।

দলকে পথে ফেরাতে এখন চটজলদি কোনো সমাধানের পথে দল হাঁটবে কি-না, এমন প্রশ্নের উত্তরে গুয়ার্দিওলা বললেন, দলে নতুন খেলোয়াড় প্রয়োজন, তবে সেটা সেটা আপাত সমস্যা সমাধানের জন্য হবে না।

“শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে (খেলোয়াড় পাওয়া) সহজ নয়। এমনকি দলের খেলোয়াড়রাও জানে যে স্কোয়াডে নতুন খেলোয়াড় দরকার। কিন্তু, নতুনরা দলে এসে তাদের পছন্দমতো পজিশনে খেলা শুরু করলে তারা (পুরোনো খেলোয়াড়রা) অখুশি হবে।”

“তবে আমাদের এখন অনেক চোট সমস্যা আছে এবং এটা বড় একটা সমস্যা। এমন খেলোয়াড় কিনতে হবে, যেন তারা আগামী চার-পাঁচ বছর অবদান রাখতে পারে। কখনও কখনও এটা সহজ হয় না। আমাদের চেষ্টা করতে হবে।”

এভারটনের বিপক্ষে ঘরের মাঠে হোঁচট খাওয়ার পর শীর্ষস্থান থেকে আরও পিছিয়ে পড়েছে সিটি। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে তারা। তাদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে সবার ওপরে লিভারপুল, আর্না স্লটের দল একটি ম্যাচ কমও খেলেছে। 

চ্যাম্পিয়ন্স লিগেও সিটির ভোগান্তি চলছে। সবশেষ তিন ম্যাচে দুটিতে হারা ও একটি ড্র করা দলটি ছয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে ২২ নম্বরে। নকআউটের প্লে-অফে জায়গা পেতে সেরা ২৪ দলের মধ্যে থাকতে হবে।