রোনালদো-হলান্ডকে ছাড়িয়ে কেইনের ‘অসাধারণ অর্জন’
বায়ার্ন মিউনিখের হয়ে গোলের সেঞ্চুরি করে দারুণ এক রেকর্ড গড়লেন ইংলিশ স্ট্রাইকার।
হ্যারি কেইনের গোলের রথ ছুটছে তো ছুটছেই। সেই অপ্রতিরোধ্য যাত্রায় এবার তিনি পৌঁছে গেলেন দারুণ এক রেকর্ডের ঠিকানায়। যেখানে তিনি ছাড়িয়ে গেলেন ক্রিস্তিয়ানো রোনালদো ও আর্লিং হলান্ডকে। এমন দুজনকে ছাড়িয়ে এই কীর্তি গড়তে পেরে উচ্ছ্বসিত বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার।
বুন্ডেসলিগায় শুক্রবার ভের্ডার ব্রেমেনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৪-০ গোলের জয়ে দুটি গোল করেন কেইন। জার্মান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০ গোল পূর্ণ হয়ে যায় তার।
গোলের এই সেঞ্চুরিতে পৌঁছে গেলেন তিনি দারুণ দ্রুততায়। বায়ার্নের জার্সিতে ১০৪ ম্যাচে ১০০ গোল হলো তার।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক ক্লাবের হয়ে সবচেয়ে কম ম্যাচ খেলে গোলের শতক করার রেকর্ড এটিই। এক ম্যাচ কম খেলে কেইন পেছনে ফেলেন রোনালদো ও হলান্ডকে।
রেয়াল মাদ্রিদের হয়ে রোনালদো ও ম্যানচেস্টার সিটির হয়ে হলান্ড গোলের সেঞ্চুরি করেছিলেন ১০৫ ম্যাচ খেলে।
কেইন প্রথম গোলটি করেন প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে। বায়ার্নের হয়ে টানা ১৮টি পেনাল্টিতে সফল হলেন তিনি। পরে শততম গোলটি করেন ম্যাচের ৬৫তম মিনিটে।
এমনিতে এসব রেকর্ড সাধারণত ফুটবলারদের মাথায় থাকে না। তবে ইএসপিএনকে কেইন বললেন, এই রেকর্ডের কথা তিনি জানতেন।
“হ্যাঁ, অবশ্যই রেকর্ডটির কথা জানতাম। এটা নিয়ে কিছু না শোনা বা না দেখা ছিল খুবই কঠিন। বড় অর্জন এটি। প্রথমত, যে কোনো ক্লাবের হয়েই ১০০ গোল করা দারুণ দারুণ অর্জন। দ্বিতীয়ত, বায়ার্নের মতো ক্লাবের হয়ে করতে পারা বাড়তি স্পেশাল। এরপর রোনালদোর মতো সর্বকালের সেরাদের একজন ও হলান্ডের মতো গ্রেট হয়ে ওঠার পথে থাকা একজনের চেয়ে কম ম্যাচে এটা করতে পারা আরও চমৎকার ব্যাপার।”
“যখন আরও বয়স হবে, পেছন ফিরে তাকিয়ে হয়তো বুঝতে পারব এসব অসাধারণ অর্জন। আপাতত এখন সময় স্রেফ এসব উপভোগের।”
কেইনের এই অর্জনে দারুণ উচ্ছ্বসিত কোচ ভিনসেন্ট কম্পানিও।
“হ্যারি কেইনের জন্য এটি ছিল আরেকটি দারুণ মুহূর্ত ও মাইলফলক। যেভাবে সে এমন রেকর্ড করতে থাকে এবং তার পরও যেভাবে দলের জন্য ঝাম ঝরিয়ে যায়, এতেই ফুটে ওঠে তার ভেতরের ক্ষুধা ও তাড়না।”
এই জয়ে লিগের পাঁচ জয়ের সবকটিই জিতে শীর্ষে বায়ার্ন। পাঁচ ম্যাচেই কেইনের গোল হয়ে গেল ১০টি। আগের ম্যাচেই করেছিলেন তিনি হ্যাটট্রিক।
