মিলানে পরাজয়ের পর ফ্লিকের কাছে ‘ক্লাসিকো’ আরও কঠিন
ইন্টার মিলানের বিপক্ষে হৃদয় ভাঙা হারের পর রেয়াল মাদ্রিদের মতো দলের বিপক্ষে খেলা ভীষণ কঠিন মনে হচ্ছে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের।
চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্ন ভাঙার বেদনা এখনও তাজা। ইন্টার মিলানের বিপক্ষে দারুণ লড়াইয়ের পরও সেমি-ফাইনাল থেকে বিদায়ের ক্ষত এখনও দগদগে। এর মধ্যেই লা লিগায় মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের বিপক্ষে। সান সিরোয় হারের পর স্প্যানিশ চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা আগের সবসময়েরর চেয়ে আরও কঠিন মনে হচ্ছে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের।
ইউরোপের সফলতম দলটির বিপক্ষে খেলা কখনও সহজ নয়।
লা লিগার ৩৫তম রাউন্ডে রোববার মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল। বার্সেলোনার মাঠে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়।
ইন্টার মিলানের বিপক্ষে সেমি-ফাইনালের ফিরতি লেগে ৪-৩ গোলে হেরে ইউরোপ সেরার মঞ্চ থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। তাদের সম্পূর্ণ মনোযোগ এখন লা লিগায়। ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা, ৪ পয়েন্ট কম রেয়ালের।
স্পেনের শীর্ষ লিগের শিরোপার গতিপথ নির্ধারণ করে দিতে পারে আসছে লড়াইটি। মিলানের তিক্ত রাত ভুলে এই ম্যাচে মনোযোগ দিতে চান ফ্লিক।
“মিলানে হারের পর সবাই জানি, (ক্লাসিকো) লড়াই সহজ হবে না। অমন একটি ম্যাচের পর এটা সহজ নয়। তবে আমরা ভালো করছি। এখনও চারটি ম্যাচ বাকি, আর ক্লাসিকো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যা করতে চাই, তা নিয়ে আমাদের আত্মবিশ্বাসী থাকতে হবে।”
“খেলোয়াড়দের ভাবনা নিয়ে ওদের সঙ্গে আমরা কথা বলেছি। সবাই জানে যে, ক্লাসিকোয় তাকে শতভাগ দিতে হবে। আগ্রাসী হতে হবে, দাপুটে থাকতে হবে। আমাদের সঙ্গে থাকবে ভক্তদের সমর্থন, আমরা খেলব ঘরের মাঠে।”
চলতি আসরে এ নিয়ে চতুর্থবার মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রেয়াল। আগের তিন ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছেন ফ্লিক, এর দুটিতে পেয়েছেন শিরোপার উষ্ণ ছোঁয়া। আরেকটি জয়ে লা লিগায় শিরোপার দুয়ারে চলে যাবে বার্সেলোনা। ফ্লিক এসব নিয়ে যদিও খুব একটা ভাবছেন না, তার মনোযোগ কেবল তিন পয়েন্টে।
“এই ধরনের ম্যাচে মাদ্রিদও জিততে চাইবে, আমরাও জয়-ই চাইব। আমি শিরোপা নিয়ে উদ্বিগ্ন নই, আমরা জিততে চাই। আমরা এভাবেই ম্যাচটা খেলতে চাই, স্রেফ ম্যাচটাতে নজর দিতে চাই।”
“লড়াইয়ে আমরা মুদ্রার দুই পিঠই দেখতে পারি। যখন আমরা ওদের বিপক্ষে খেলি, ওরাও আমাদের ওপর চাপ তৈরি করে…কেউ জানে না, ঠিক কী ঘটবে। দুটি দারুণ দল খেলবে, আশা করি আমরা ঘরের মাঠে খেলার সুবিধা নিতে পারব। আমরা তিন পয়েন্টের জন্য লড়াই করব, আশা করি, আমরা তিন পয়েন্ট পাব।”
