১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আমরা যদি আর্জেন্টিনার মুখোমুখি হই, এটা ভালো লক্ষণ’

সোনালি ট্রফিটি এবার নেদারল্যান্ডসের হাতে উঠবে- এমন ভবিষ্যদ্বাণী নিয়ে ভাবতে চান না ফ্রেংকি ডি ইয়ং।

‘আমরা যদি আর্জেন্টিনার মুখোমুখি হই, এটা ভালো লক্ষণ’
ফ্রেংকি ডি ইয়ং। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 07:21 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

কোনো টুর্নামেন্ট শুরু হলেই কারো কারো ভবিষ্যদ্বাণী নিয়ে বিস্তর আলোচনা হয়, উত্তর আমেরিকা বিশ্বকাপ নিয়েও তা শুরু হয়েছে। নেদারল্যান্ডসের মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং সেসব নিয়ে ভাবতে চান না, আবার একেবারে উড়িয়েও দিচ্ছেন না। কী হবে, কী হতে পারে- এসব সময়ের হাতে ছেড়ে এগিয়ে যেতে চান তিনি। তবে আর্জেন্টিনার বিপক্ষে সম্ভাব্য লড়াইয়ের ভাবনায় যেন খুশিই হলেন এই তারকা।

গত কয়েকটি বিশ্বকাপে, ‘কে চ্যাম্পিয়ন হবে’, এই বিষয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করে পরিচিত হয়ে ওঠা জার্মান গণিতবিদ ইওয়াখিম ক্লেমেন্ট বলেছেন, এবার সোনালি ট্রফিটি উঠবে নেদারল্যান্ডসের হাতে।

এই বিষয়ে টিওয়াইসি স্পোর্টসের প্রশ্নে ডি ইয়ং মন্তব্য করেন, এসব আমলে নিয়ে প্রত্যাশার পারদ চড়ানো ঠিক হবে না। সেই সঙ্গে বলেন, “এটা আমাদের ওপর কোনো চাপ তৈরি করে না।“

নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে বার্সেলোনা মিডফিল্ডার খুশি মনে বলেন, “তাদের বিপক্ষে যদি আমরা খেলি, তাহলে সেটা হবে ভালো লক্ষণ।”

তার এমন খুশি হওয়ার পেছনে অবশ্য যুক্তিও আছে। সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের দেখা হতে পারে কোয়ার্টার-ফাইনালে, কিংবা এরপরে। তাই তাদের লড়াইয়ের অর্থ হলো, ততদিনে ডাচরা অন্তত গ্রুপ পর্ব ও শেষ ষোলো পেরিয়ে গেছে।

তিনি বললেন তাই, “এর অর্থ হলো আমরা অনেক পথ এগিয়ে গিয়েছি।”

চার বছর আগে কাতার বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেদিন নির্ধারিত ও অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর লড়াই ২-২ ড্রয়ের পর, টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে কপাল পুড়েছিল ডাচদের।

বিশ্বকাপের ইতিহাসে তিনবার ফাইনাল খেলেও কখনও শিরোপা জিততে পারেনি নেদারল্যান্ডস।

অধরা সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এবার প্রথম ম্যাচে আশা জাগিয়েও জিততে পারেনি ডাচরা। রোববার রাতে তারা ২-২ গোলে ড্র করেছে জাপানের সঙ্গে।

পরের ম্যাচে আগামী শনিবার সুইডেনের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।