ভিনিসিউসকে বাইরে রাখার কারণ জানালেন রেয়াল মাদ্রিদ কোচ
শুরুর একাদশে জায়গা না পেলেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স উপহার দেন রেয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা।
দল নামছে মাঠে আর ফিট হয়েও ভিনিসিউস জুনিয়র বসে আছেন ডাগআউটে, বেশ বিরল ব্যাপারই বটে। লা লিগায় রোববার রেয়াল মাদ্রিদের একাদশ চমকে দিয়েছে অনেককেই। তবে শাবি আলোন্সো বললেন এসবের সঙ্গেই অভ্যস্ত হয়ে উঠতে। পরিবর্তনের এই ধারা মৌসুমজুড়েই চলতে থাকবে বলে জানিয়ে রাখলেন রেয়াল মাদ্রিদ কোচ।
গত মৌসুমের বেশির ভাগজুড়েই ভিনিসিউস ছিলেন না আপন চেহারায়। নতুন মৌসুমের শুরুটাও খুব ভালো করতে পারেননি তিনি। চুক্তি নিয়ে অনিশ্চয়তার নানা গুঞ্জন তো আছেই, পারফরম্যান্সের ঘাটতি নিয়েও তিনি ছিলেন আলোচনায়। এর মধ্যেই লা লিগায় ওবিয়েদোর বিপক্ষে দলের সবচেয়ে বড় তারকাদের একজনকে একাদশে রাখেননি কোচ।
৬৩তম মিনিটে তাকে মাঠে নামান কোচ। শুরুতে এ দিনও তিনি খুব ছন্দে ছিলেন না। তবে একটু পরই জ্বলে ওঠেন। নিজের সেরা সময়ের কিছু ঝলক দেখিয়ে কিলিয়ান এমবাপের একটি গোলে সহায়তা করেন, শেষ দিকে নিজেও করেন গোল। এমবাপের জোড়া গোলে রেয়াল জেতে ৩-০ ব্যবধানে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ বললেন, বদলি নামা ভিনিসিউসের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট।
“মাঠে নামার পর ভিনি ভালো করেছে। দুটি গোলে সে ছিল নির্ধারক। যারা শুরু থেকে খেলেছে এবং যারা পরে নেমেছে, সবাইকে নিয়েই আমরা খুশি। সবাই সামনে অনেক ম্যাচে সুযোগ পাবে।”
ব্রাজিলিয়ান তারকাকে শুরুর একাদশে না রাখা নিয়ে প্রশ্নও ছুটে গেল। সবাইকে সুযোগ দেওয়ার কথা জানিয়ে কোচ বললেন, এটিই এ মৌসুমের স্বাভাবিক চিত্র হবে।
“ফুটবলে সবাই আলাদা। সবাইকে সমান সম্মান দিতে হবে। অবশ্যই সম্পর্কের ব্যাপার আলাদা। তবে ফুটবলে সিদ্ধান্ত নিতে হয় দলের কথা ভেবে। আজকেও ছিল সেরকমই। আমাদের খেলার ধরন, পরিকল্পনা, ওয়ার্কলোড ও প্রতিপক্ষ বুঝে একেক ম্যাচে এরকম পরিবর্তন হতেই থাকবে। আমরা চাই, সবাই যেন নিজেদের গুরুত্বপূর্ণ মনে করে, যে কোনো সময় শুরুর একাদশে খেলতে প্রস্তুত থাকে এবং পরের ম্যাচের জন্য তৈরি থাকে।”
“বিশ জনের বেশি ফুটবলার আছে স্কোয়াডে এবং সবার সেরাটা বের করে আনতে চাই আমরা। কখনও কখনও শুরুতে মাঠে নামা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মাঝেমধ্যে কিছু সময়ের জন্য মাঠে নামাও গুরুত্বপূর্ণ। ভিনিসিউস আজকে যেমন করেছে। আমার চাওয়া, সবাই যেন দলে অবদান রাখতে পারে। এটিই হবে ধারা। মৌসুমজুড়েই এরকম চলতে থাকবে।”
ভিনিসিউস ছাড়াও প্রথম ম্যাচের একাদশে থাকা ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ড, ব্রাহিম দিয়াসরা এ দিন ছিলেন না শুরুর একাদশে। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের জায়গায় খেলেন নিয়মিত অধিনায়ক দানি কার্ভাহাল, প্রথম ম্যাচে যিনি নেমেছিলেন বদলি হিসেবে। সেই ম্যাচে বদলি হিসেবে শেষ দিকে নামা ফ্র্যাঙ্কো মাস্তানতুয়োনো এ দিন প্রথমবার জায়গা পান শুরুর একাদশে।
ভিনিসিউসের জায়গায় খেলার সুযোগ পান রদ্রিগো। তার সাম্প্রতিক পারফরম্যান্সও খুব সন্তোষজনক ছিল না। এছাড়া ভালো দাম পেলে রেয়াল তাকে ছেড়ে দেবে বা তিনি চলে যাবেন, এমন খবরের আনাগোনা চলছে বেশ কিছুদিন ধরেই। কোচ তাকে পর্যাপ্ত সুযোগ দিচ্ছেন কি না, এই প্রশ্নও উঠছিল নিয়মিত।
এবার তাকে শুরুতে মাঠ নামিয়ে গুঞ্জন চাপা দিলেন আলোন্সো। এই ব্রাজিলিয়ান উইঙ্গারের পারফরম্যান্সেও খুশি কোচ।
“রদ্রিগো ভালো খেলেছে। প্রথমার্ধে সে আলভারো (কাররেরাস), আর্দা (গিলের) ও কিলিয়ানের (এমবাপের) সঙ্গে জমাট সংযোগ গড়তে পেরেছে। কিছু ভালো শট নিয়েছে। ওবিয়েদো অনেক নিচে নেমে খেলেছে, জায়গা বের করা ছিল কঠিন। তবে তার খেলা আমার ভালো লাগে। সবাইকেই এভাবে প্রয়োজন আমাদের।”
