২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলকিপারের গোলে ‘পাগলাটে মুহূর্ত’, মরিনিয়োর ‘মিরাকল’

রেয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ সময়ে গোলকিপারের গোলে অবিশ্বাস্যভাবে চ্যাম্পিয়ন্স লিগে টিকে গেছে বেনফিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 12:18 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

ডানা মেলে যেন ভেসে যাচ্ছিলেন আনাতোলি ত্রুবিন। কিন্তু বেশি দূর যেতে পারলেন না। ধরা পড়লেন তিনি সতীর্থদের আলিঙ্গনে। একটু পরে চাপা পড়লেন আনন্দস্তুপে। ডাগআউট ছেড়ে কোচ জোসে মরিনিয়ো ছুটছিলেন দু হাত উঁচিয়ে। সামনে কিশোর বলবয়কে পেয়ে জড়িয়ে ধরলেন তাকেই। ‘স্পেশাল ওয়ান’ মেতে উঠলেন চেনা খ্যাপাটে উদযাপনে। আবেগ আর উল্লাসের জোয়ার বয়ে গেল চারপাশে।

হওয়ারই কথা, উপলক্ষটাই যে এমন! রেয়াল মাদ্রিদের বিপক্ষে স্মরণীয় জয়ের পথেই ছিল বেনফিকা। তবে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে শুধু জয়ই যথেষ্ট ছিল না। প্রয়োজন ছিল আরেকটি গোল। যোগ করা সময়ের অষ্টম মিনিটে এক ফ্রি কিক পেল তারা। ম্যাচের শেষ কয়েকটি মুহূর্ত তখন। দলের সবাই উঠে গেল রেয়ালের বক্সে। মরিয়ে চেষ্টায় গোলকিপারও তখন চলে গেলেন প্রতিপক্ষের বক্সে।

এটা নতুন কিছু নয়। শেষ সময়ে এভাবে প্রতিপক্ষের বক্সে অনেক সময়ই দেখা গেছে অনেক গোলকিপারকে। তবে পরের সময়টায় যা হলো, তা শুধু বিরলই নয়, অবিশ্বাস্য নাটকীয়তায় ভরপুর। ফ্রি কিক থেকে দুর্দান্ত হেডে গোল করে ফেললেন সেই গোলকিপার ত্রুবিন!

৪-২ গোলে জিতে রোমাঞ্চকরভাবে প্লে-অফে জায়গা করে নিল বেনফিকা। সরাসরি নকআউট পর্বে ওঠার দুয়ার থেকে প্লে-অফে নেমে গেল রেয়াল।

আড়াই বছর আগে শাখতার থেকে বেনফিকায় নাম লেখান ত্রুবিন। পেশাদার ক্যারিয়ারে শ দুয়েক ম্যাচ তিনি খেলেছেন, বিভিন্ন পর্যায়ে খেলেছেন আরও অনেক ম্যাচ। কিন্তু এমন কিছুর স্বাদ আগে পাননি। ইউক্রেনের এই গোলকিপার ভাষা খুঁজে পাচ্ছিলেন না ম্যাচ শেষের অনেক পরেও। 

“আমি জানতাম না আমাদের ঠিক কী প্রয়োজন। তবে তখন দেখলাম, সবাই আমাকে বলছে ওপরে উঠে যেতে। কোচও দেখলাম ইশারা দিচ্ছেন ওপরে উঠতে। এরপর আমি ছুটে গেলা, ওদের বক্সে… এরপর আর কিছু জানি না…. জানি না কী বলতে হবে…।”

“পাগলাটে মুহূর্ত… সত্যিই জানি না কী বলা যায়। গোলের অভ্যাস তো নেই আমার! ২৪ বছর বয়স আমার, কিন্তু জীবনের প্রথম গোল এটি… অবিশ্বাস্য।”

শেষ সময়ে ভুল বোঝাবুঝি, নাটকীয়তা আর মরিয়া প্রচেষ্টার মুহূর্তগুলি ফুটে উঠল কোচ মরিনিয়োর কণ্ঠেও। 

“আমাকে বলা হয়েছিল, স্কোরলাইন আমাদের জন্য যথেষ্ট। আমি সব পরিবর্তন করে ফেলেছিলাম। কয়েক সেকেন্ড পর বলা হলো, স্কোরলাইন যথেষ্ট নয়, ৩-২ থাকলে চলবে না, আমাদের আরেকটি গোল লাগবে। তখন আর কাউকে নামানোর সুযোগ আমার ছিল না।”

“সৌভাগ্যবশত আমরা একটা ফ্রি কিক পেয়ে গেলাম। বিশালদেহী ছেলেটাকে বললাম ওপরে উঠতে। আমাদের গোলকিপার ত্রুবিন দুই মিটার লম্বা… বক্সে গিয়ে অসাধারণ একটি গোল করল, ঐতিহাসিক গোল… মনে হচ্ছিল, গোটা স্টেডিয়াম বুঝি ভেঙে পড়বে… অবিশ্বাস্য, এটা স্রেফ ‘মিরাকল’!”

এই দুই দল সবশেষ মুখোমুখি হয়েছিল ১৯৬৫ সালের ইউরোপিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে। এত বছর পর লড়াইয়ে এমন জয়, সেটিও মরিনিয়োর সাবেক ক্লাব ও ইউরোপের সফলতম দলের বিপক্ষে, সব মিলিয়ে জয়টি স্মরণীয় বেনফিকা কোচের কাছে।

“আবেগপ্রবণ হওয়াটাই স্বাভাবিক। আমার মনে হয়, এটা আমাদের প্রাপ্য ছিল। বেনফিকার জন্য রেয়াল মাদ্রিতকে হারানো অবিশ্বাস্য মর্যাদার। এই দুটি ক্লাব পরস্পরের মুখোমুখি হয়নি সেই সোনালি বছরগুলোর পর… অনেক বছর আগের কথা সেসব। এখন বেনফিকার সম্মান, ফুটবলারদের মর্যাদার জন্য এই ফল অসাধারণ।”