২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড অর্থের স্রোতে লিভারপুলের তীরে ভিড়ে ‘গর্বিত’ ভিয়েৎস

ট্রান্সফার ফির রেকর্ড ভেঙেচুরে অবশেষে বায়ার লেভারকুজেন থেকে লিভারপুলে নাম লিখিয়েছেন মিডফিল্ডার ফ্লোহিয়ান ভিয়েৎস।

রেকর্ড অর্থের স্রোতে লিভারপুলের তীরে ভিড়ে ‘গর্বিত’ ভিয়েৎস
ভিয়েৎসের গায়ে গর্বের জার্সি। ছবি: লিভারপুল এফসি ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2025, 11:13 AM

Updated : 26 Aug 2026, 01:14 PM

বেশ কিছুদিন ধরে অনেক গুঞ্জন ও নানা খবরের পর অবশেষে আনুষ্ঠানিকতার আলোয় এলেন ফ্লোহিয়ান ভিয়েৎস। ট্রান্সফার ফির রেকর্ড ভেঙেচুরে বায়ার লেভারকুজেন থেকে জার্মান মিডফিল্ডার পাড়ি জমালেন লিভারপুলে।

অনুমিতভাবেই লিভারপুলের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার এখন ভিয়েৎস। বিবিসি ও বিভিন্ন সংবাদমাধ্যম গত কিছুদিনে যেমন বলেছিল, সেই ১০ কোটি পাউন্ডেই ২২ বছর বয়সী মিডফিল্ডারকে দলে পেয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা। নানা বোনাস মিলিয়ে লেভারকুজেন পেতে পারে আরও ১ কোটি ৬০ লাখ পাউন্ড।

এতদিন লিভারপুলের সবচেয়ে দামি ফুটবলার ছিলেন ভার্জিল ফন ডাইক। ক্লাবের এখনকার অধিনায়ক ২০১৭ সালে সাড়ে সাত কোটি পাউন্ডে যোগ দিয়েছিলেন এই ঠিকানায়।

ভিয়েৎসকে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে ১০ কোটি পাউন্ড প্রাথমিক ট্রান্সফার ফির ফুটবলার এখন পাঁচজন। এমন বিশাল অঙ্ক খরচ করেই চেলসি এনেছে দুই মিডফিল্ডার এন্সো ফের্নান্দেস ও মোইসেস কাইসেদোকে, আর্সেনালে যোগ দিয়েছেন ডেক্লান রাইস ও ম্যানচেস্টার সিটিতে জ্যাক গ্রিলিশ।

লেভারকুজেনে চুক্তির দুই বছর বাকি ছিল ভিয়েৎসের। তাকে দলে পেতে আগ্রহ ছিল বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের। তবে লিভারপুল লড়াইয়ে এগিয়ে যায় বেশ কয়েকদিন আগে থেকেই। নানা টানাপোড়েনের পর অবশেষে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় উচ্ছ্বসিত জার্মান এই মিডফিল্ডার।

“সত্যিই খুব খুশি আমি, দারুণ গর্বিতও। অবশেষে এটা শেষ হলো, অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম… শেস পর্যন্ত এটা হলো এবং অনেক ভালো লাগছে।”

রেকর্ডের স্রোতে ভেসে এই জার্সি পেয়েছেন ভিয়েৎস।  ছবি: লিভারপুল এফসি ফেইসবুক।

রেকর্ডের স্রোতে ভেসে এই জার্সি পেয়েছেন ভিয়েৎস

“সামনের নতুন অভিযান নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। আমার ক্লাব পরিবর্তনের ভাবনায় এটাও বড় একটা ব্যাপার ছিল, বুন্ডেসলিগা থেকে প্রিমিয়ার লিগে আসা এবং পুরোপুরি নতুন পথে চলা শুরু করা।”

২০২৩-২৪ মৌসুমে লেভারকুজেনের ইতিহাস গড়া শিরোপা জয় ও রেকর্ড-গড়া অপ্রতিরোধ্য মৌসুমে দলের প্রাণভ্রোমরা ছিলেন ভিয়েৎস। সদ্য সমাপ্ত মৌসুমে লেভারকুজেনে ৪৫ ম্যাচ খেলে গোল করেছেন তিনি ১৬টি, সহায়তা করেছেন ১৫ গোলে।

বুন্ডেসলিগায় গত দুই মৌসুমে ১০টির বেশি করে গোল করা ও সহায়তা করা একমাত্র ফুটবলার তিনিই। সব মিলিয়ে জার্মান ক্লাবটিতে ১৯৭ ম্যাচ খেলে ৫৭ গোল তার, অ্যাসিস্ট ৬৫টি। দেশের জার্সিতে এখনও পর্যন্ত খেলেছেন ৩১ ম্যাচ।

লিভারপুলের মাঝমাঠ এমনিতেই বেশ শক্তিশালী। তাকে পেয়ে তা সমৃদ্ধ হলো আরও। তিনিও ক্লাবকে নিতে চান নতুন উচ্চতায়।

“আমার তো ভালো লাগবে প্রতি বছরই সবকিছু জিততে পারলে! তবে সবকিছুর আগে নিজেদের কাজ করতে হবে আমাদেরকে, নিজের কাজ করতে হবে আমাকে।”

“দিনশেষে, আমরা চাই সাফল্য। গত মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে এই ক্লাব। সামনের মৌসুমেও তা ধরে রাখতে চাইব এবং চ্যাম্পিয়ন্স লিগে চাইব আরও এগিয়ে যেতে। আমি সত্যিই উচ্চাকাঙ্ক্ষী।”