‘জার্মানির কাসট্রপকে’ নিয়ে বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া
২২ বছর বয়সী এই তরুণ মিডফিল্ডার জার্মানিকে বাদ দিয়ে বেছে নিয়েছেন মায়ের দেশ দক্ষিণ কোরিয়াকে।
বাবা জার্মান, মা দক্ষিণ কোরিয়ান। ইয়েন্স কাসট্রপের সামনে তাই দুয়ার খোলা ছিল দুটি। একটি দিয়ে তিনি প্রবেশও করেছিলেন, খেলেছিলেন বাবার দেশ জার্মানির বয়সভিত্তিক দলে। তরুণ এই মিডফিল্ডার পরে মত বদলে বেছে নেন মায়ের দেশকে। এবার এই কাসট্রপকে নিয়েই ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা করল দক্ষিণ কোরিয়া।
কোচ হং মিউং-বো’র দেওয়া ২৬ জনের দলে জায়গা পাওয়া কাসট্রপ অবশ্য দক্ষিণ কোরিয়ার হয়ে খেলা শুরু করেছিলেন আগেই। গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে কোরিয়ার জার্সিতে অভিষেক হয় তারা।
২০০২ বিশ্বকাপে চতুর্থ হওয়া দেশটির হয়ে ইতোমধ্যে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছেন কাসট্রপ। বরুসিয়া মনশেনগ্লাডবাখের ২২ বছর বয়সী এই মিডফিল্ডার এবার পেতে চলেছেন বিশ্বকাপের আঙিনায় পা রাখার সুযোগ।
অধিনায়কের আর্মব্যান্ড থাকছে দীর্ঘদিনের পরীক্ষিত যোদ্ধা সন হিউং-মিনের বাহুতে। দেশের হয়ে ৫৪ গোল করা এই ফরোয়ার্ডের সাথে আক্রমণভাগে কেবল দুজনকে রেখেছেন কোচ। তারা হলেন ওহ হেউন-গুই ও চো গুয়ে সাং।
এদের মধ্যে ওহ তুরস্কের ক্লাব বেসিকতাসে দারুণ ছন্দে আছেন। দেশের হয়ে ছয় গোলও আছে তার। আর চো দক্ষিণ কোরিয়ার হয়ে এ পর্যন্ত জালের দেখা পেয়েছেন ১০ বার।
দলে চেনা মুখগুলোর মাঝে কিছু নতুনের ঠাঁইও হয়েছে। তাদের মধ্যে আছেন পিএসজির মিডফিল্ডার লি ক্যাং-ইন, বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার কিম মিন-জে এবং জো হেউন-উ।
২০২৬ বিশ্বকাপের তিন আয়োজকের একটি মেক্সিকোর সঙ্গে ‘এ’ গ্রুপে আছে দক্ষিণ কোরিয়া। গ্রুপের বাকি দুই দল দক্ষিণ আফ্রিকা ও চেক রিপাবলিক।
