বার্সার প্রবল চাপের মুখে দলের লড়াকু মানসিকতায় মুগ্ধ সিমেওনে
কোচিং ক্যারিয়ারে বার্সেলোনার মাঠে প্রথমবার জিততে পেরে খুব খুশি আতলেতিকো মাদ্রিদ কোচ।
প্রতিপক্ষের আক্রমণের তোড়ে শুরুতে কোণঠাসা হয়ে পড়েছিল আতলেতিকো মাদ্রিদ। অনেকটা সময় পিছিয়েও ছিল তারা। বার্সেলোনার সেই চাপ সামলে শেষ পর্যন্ত অবশ্য স্মরণীয় এক জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদের দলটি। ভড়কে না গিয়ে লড়াকু মানসিকতায় যেভাবে ঘুরে দাঁড়িয়েছে দল, তাতে খুব খুশি কোচ দিয়েগো সিমেওনে।
লা লিগায় শনিবার বার্সেলোনার মাঠে ২-১ গোলে জেতে আতলেতিকো। কাতালান ক্লাবটির মাঠে লিগে ২০০৬ সালের পর তাদের প্রথম জয় এটি। কোচ হিসেবে বার্সেলোনায় এটি সিমেওনেরও প্রথম জয়। এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত আর্জেন্টাইন কোচ।
ম্যাচের প্রথমার্ধে দাপট দেখিয়ে ৩০তম মিনিটে পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ব্যবধান ধরে রেখে যায় বিরতিতে। দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিতে শুরু করে আতলেতিকো। ৬০তম মিনিটে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পলের গোলে সমতা ফেরায় তারা।
ড্রয়ের পথেই ছিল ম্যাচটি। কিন্তু যোগ করা সময়ের একেবারে শেষ দিকে বার্সেলোনাকে স্তব্ধ করে দেয় আতলেতিকো। বদলি নামা নরওয়ের আলেকসান্দার সরলথের গোলে অবিশ্বাস্য এক জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
ম্যাচ শেষে দলের এমন পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করেন সিমেওনে।
“দলের প্রচেষ্টায় আমি খুব খুশি। এমন একটি দলের, যারা খুব ভালো খেলে, তাদের বিপক্ষে ভুগতে থাকার সময় এবং রক্ষণ সামলাতে আমরা যথেষ্ট ভালো ছিলাম। বিশেষ করে প্রথমার্ধে, আমাদের গোলের আগ পর্যন্ত তারা আমাদের চেয়ে বেশ ভালো খেলেছে।”
“এরপর আমরা ম্যাচে কিছুটা নিজেদের খুঁজে পেতে শুরু করি এবং মনে হয়েছে, আমরা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। দল শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পেরেছে।”
লা লিগায় টানা সপ্তম ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচ জিতে বছর শেষ করেছে আতলেতিকো।
চমৎকার এই জয়ে লিগ টেবিলে শীর্ষে উঠেছে সিমেওনের দল। ১৮ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে তাদের পয়েন্ট ৪১। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে বার্সেলোনা।
