কেইনের হ্যাটট্রিকে জয়ে ফিরল বায়ার্ন
স্টুটগার্টকে গুঁড়িয়ে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ।
আক্রমণের ঢেউ তুলেও মিলছিল না গোল। অবশেষে দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙলেন হ্যারি কেইন। এরপর আরও দুবার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিকের আনন্দে ভাসলেন ইংলিশ স্ট্রাইকার। স্টুটগার্টকে উড়িয়ে জয়ের পথে ফিরল বায়ার্ন মিউনিখ।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার বুন্ডেসলিগার ম্যাচটি ৪-০ গোলে জিতেছে বায়ার্ন।
লিগে দুই ও সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল জার্মানির সফলতম ক্লাবটি।
৫১তম মিনিটে গোলমুখে একটি সুবর্ণ সুযোগ হারানোর ছয় মিনিট পর দলকে এগিয়ে নেন কেইন। বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোলটি করেন তিনি।
বুন্ডেসলিগায় গত দুই রাউন্ডে দলের দুটি ড্র ম্যাচে এবং এর মাঝে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে হারের ম্যাচে জালের দেখা পাননি কেইন। এছাড়া গত সপ্তাহে জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলেও গোল পাননি তিনি।
সেই গোলখরা কাটানোর তিন মিনিট পর বক্সে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। আর ৮০তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।
এবারের লিগে এটা তার দ্বিতীয় হ্যাটট্রিক। আসরে তার মোট গোল হলো আটটি। চ্যাম্পিয়ন্স লিগে দিনামো জাগরেবের বিপক্ষে দলের ৯-২ ব্যবধানে জয়েও হ্যাটট্রিক করেছিলেন তিনি।
৮৯তম মিনিটে বায়ার্নের চতুর্থ গোলটি করেন কিংসলে কোমান।
সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে লাইপজিগ।
তিন নম্বরে ফ্রেইবুর্কের পয়েন্ট ১৫। গতবারের চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেন ১৪ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।
