২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোচের চাওয়া পূরণে সব করবেন বার্সার তরুণ উইঙ্গার

কাতালান ক্লাবটিতে যোগ দিয়ে উচ্ছ্বসিত জেসে বিসিয়ু, কঠোর পরিশ্রম করে সবসময় নিজেকে প্রস্তুত রাখতে চান।

কোচের চাওয়া পূরণে সব করবেন বার্সার তরুণ উইঙ্গার
বেলজিয়ামের তরুণ উইঙ্গার জেসে বিসিয়ু। ছবি: বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 08:11 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

বার্সেলোনার মূল দলে জেসে বিসিয়ুর এখনই সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে ডাক পড়লে যেন সেরাটা দিতে পারেন, সেজন্য নিজেকে প্রস্তুত রাখতে চান বেলজিয়ামের তরুণ এই উইঙ্গার। কাতালান ক্লাবটির কোচ হান্সি ফ্লিকের চাওয়া পূরণে কঠোর পরিশ্রম করে যেতে চান তিনি। 

পাঁচ বছরের চুক্তিতে গত শুক্রবার স্বদেশি ক্লাব ব্রুজ থেকে বার্সেলোনায় যোগ দেন ১৮ বছর বয়সী বিসিয়ু। পরদিনই প্রথমবারের মতো দলের সঙ্গে অনুশীলন করেন তিনি।

ধারণা করা হচ্ছে, বিসিয়ু শুরুতে বার্সা আতলেতিকের হয়ে খেলবেন। তবে মূল দলের অনুশীলনে নিয়মিত থাকবেন তিনি।

শনিবার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিয়ু বলেন, ক্লাবের দেওয়া যেকোনো ভূমিকা সানন্দে মেনে নেবেন তিনি। ফ্লিক যখনই ডাকবেন, নিজেকে প্রস্তুত রাখতে চান বলেও জানান তিনি।

“অনুভূতি দারুণ। আমাকে সবাই আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। মনে হচ্ছে, এটা বড় একটা পরিবার, সতীর্থ ও কোচেরা আমাকে স্বাদরে গ্রহণ করেছেন।

“তিনি (ফ্লিক) আমাকে যা কিছু করতে বলবেন, সবকিছুই করার চেষ্টা করব। যখনই আমাকে প্রয়োজন মনে করবেন, কঠোর পরিশ্রম করব এবং প্রস্তুত থাকব। আমার কাছে বিষয়টা খুবই সোজা। পরিশ্রম করে যাওয়া এবং কোচের যেভাবে প্রয়োজন, নিজেকে সেভাবে প্রস্তুত করা।”

এরপর সংক্ষেপে নিজের খেলার ধরন সম্পর্কে ধারণা দেন বিসিয়ু।

“ফুটবল খেলা আমি উপভোগ করি। পায়ে বল রাখতে এবং ওয়ান-অন-ওয়ানে প্রতিপক্ষকে পরাস্ত করতে ভালো লাগে।”