Published : 12 Aug 2026, 01:55 PM
দল ছেড়ে গেছেন গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলার। চোটের থাবায় জর্জরিত স্কোয়াড। গত মৌসুমের ইউরোপা লিগের চ্যাম্পিয়ন ক্লাবটিকে এখন বলা যায় ভাঙা হাট। তবু সাহস ও প্রতিজ্ঞার কমতি নেই অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরির। ‘মি. ইউরোপা লিগ’ নামে পরিচিত কোচ বলছেন, দুর্বল দল নিয়েও সুপার কাপে পিএসজির পরীক্ষা নিতে চান তারা।
অস্ট্রিয়ার সালসবুর্কে বুধবার উয়েফা সুপার কাপের লড়াইয়ে মুখোমুখ হবে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজি ও ইউরোপা লিগের শিরোপাজয়ী অ্যাস্টন ভিলা।
গত মে মাসে জার্মান ক্লাব ফ্রাইবুর্ককে ৩-০ গোলে উড়িয়ে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হয় ভিলা। কোচ এমেরির সেটি ছিল এই প্রতিযোগিতায় ছয় ফাইনালে পঞ্চম শিরোপা।
স্প্যানিশ এই কোচের হাত ধরে ৩০ বছর পর প্রথম কোনো বড় ট্রফির স্বাদ পায় ভিলা। ইউরোপিয়ান শিরোপা এর আগে তারা সবশেষ জিতেছিল ১৯৮২ সালে। সেবার পরে বার্সেলোনাকে হারিয়ে সুপার কাপও জিতেছিল দলটি।
এবার সেটির পুনরাবৃত্তি করা খুব কঠিন। টানা দুবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি তারকা সমৃদ্ধ দুর্দান্ত দল। অ্যাস্টন ভিলা সেখানে শক্তি হারিয়ে দুর্বলতর।
মিডফিল্ডার ইউরি টিলেমানস যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে, ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফিতে চেলসিতে চলে গেছেন মর্গ্যান রজার্স। ধারে আসা জেডন সানচো ও দগলাস লুইস ফিরে গেছেন, লুকা দিনিয়ে পাড়ি জমিয়েছেন পিএসজিতে। এসবের সঙ্গে যোগ হয়েছে আমাদু ওনানা ও নতুন আসা জোয়ান মানজাম্বির চোট।
এছাড়াও বিশ্বকাপের পর ছুটিতে থাকা ডিফেন্ডার এজরি কন্সা, স্ট্রাইকার অলি ওয়াটকিন্স এবং গোলকিপার এমি মার্তিনেসও খেলতে পারবেন না ম্যাচটিতে।
তার পরও মনোবলে ঘাটতি নেই এমেরির। ম্যাচের আগে কোচ বললেন, যারা আছেন, তাদেরকে নিয়েই ক্লাবকে নতুন উচ্চতায় নিতে চান তিনি।
“চার বছর ধরে আমি অ্যাস্টন ভিলায় আছি। ফুটবলাররা ও আমরা যেভাবে সাড়া দিচ্ছি, তাতে আমি খুশি।
ফুটবলাররা আমাদেরকে অনুসরণ করেছে এবং আমরা যা কিছু নিজেদের মানদণ্ডে স্থাপন করার চেষ্টা করছি, তার সবকিছুই তারা মেনে চলছে। আমরা আমাদের নিজস্ব মানসিকতা গড়ে তুলতে চাই। ফুটবলারদের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা আরও বেশি কিছু চাই। আমরা এখানেই থামছি না।”
গত মৌসুমের দল থেকে অনেক কিছু বদলে গেলেও চেষ্টা আর লক্ষ্যে বদল নেই, বললেন কোচ।
“প্রচেষ্টায় কোনো পরিবর্তন আসছে না। ক্লাবটি সত্যিই অনেক বড় প্রচেষ্টা চালাচ্ছে। আমি যেদিকে এগোতে চাই, ক্লাবটিও সেদিকেই এগোচ্ছে।
মাঠে ভালো ফলাফলের মাধ্যমে এবং কিছু ফুটবলার বিক্রি করে আমরা আমাদের বাজেট বাড়াচ্ছি। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, তাতে অ্যাস্টন ভিলা এখন আরও ভালো একটি ব্র্যান্ড তৈরি করতে পারবে। এটা আমার এবং ফুটবলারদের জন্য একটি বিশাল দায়িত্ব।”
বিশ্বকাপের পর পিএসজিও গুছিয়ে নেওয়ার সময় সেভাবে পায়নি এবং তারাও সম্ভাব্য সেরা দল পাচ্ছে না, সেটিও মনে করিয়ে দিলেন ভিলার কোচ।
“পিএসজি আমাদের মতোই একই পরিস্থিতিতে আছে। আগামীকাল আমরা আমাদের বর্তমান ফুটবলারদের নিয়েই শুরু করব এবং আশা করি, আমাদের সামর্থ্য অনুযায়ী ভালো ফলাফল করতে পারব।”