২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনফিকার বিপক্ষে কঠিন ম‍্যাচের অপেক্ষায় আরবেলোয়া

বেনফিকা ও জোসে মরিনিয়োর বিপক্ষে জিততে খেলোয়াড়দের নিজেদের নিংড়ে দিতে হবে বলে মনে করছেন রেয়াল মাদ্রিদ কোচ।

বেনফিকার বিপক্ষে কঠিন ম‍্যাচের অপেক্ষায় আরবেলোয়া
রেয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2026, 05:10 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

নিজের এক সময়ের কোচ জোসে মরিনিয়ো প্রতিপক্ষের জন‍্য কতটা ভয়ঙ্কর হতে পারেন, ভালো করেই জানেন আলভারো আরবেলোয়া। তাই বেনফিকার বিপক্ষে জিততে হলে নিজেদের নিংড়ে দেওয়ার তাগিদ দিয়েছেন রেয়াল মাদ্রিদ কোচ। 

চ‍্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশ সময় বুধবার রাত ২টায় বেনফিকার মুখোমুখি হবে রেয়াল। 

সেরা আটে থাকতে এই ম‍্যাচে জয় চান আরবেলোয়া। কিন্তু এই ম‍্যাচে যেন প্রতিপক্ষের খেলোয়াড়দের চেয়ে কোচকে নিয়ে বেশি ভাবছেন তিনি। 

“আমাদের জন‍্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম‍্যাচ। আমরা সেরা আটে থাকতে চাই এবং আগামীকাল একটি বড় দলের বিপক্ষে আমাদের তিন পয়েন্ট পেতে হবে। এমনকি তারা যদি যুব দল নিয়েও আসে, তাদের সম্ভাব‍্য সেরা কোচ আছে।”

“ম‍্যাচ কতটা কঠিন হবে, সে ব‍্যাপারে আমি খেলোয়াড়দের সতর্ক করেছি। জিততে চাইলে আমাদের এখানে নিজেদের সর্বোচ্চটুকু দিতে হবে এবং খুব মনোযোগী থাকতে হবে।”

এর আগে নিজের সংবাদ সম্মেলনে রেয়াল ও আরবেলোয়ার কথা বলেছেন বেনফিকা কোচ মরিনিয়ো।

“প্রথমত আশা করি, তার জন্য সবকিছু ঠিকঠাক হবে, এটাই আমি চাই। আমি চাই, আরবেলোয়া যেখানেই যাক না কেন ভালো করুক। আমি চাই রেয়াল মাদ্রিদ যেকোনো কোচের সঙ্গে ভালো করুক। আমি রেয়াল মাদ্রিদকে ভালোবাসি, আলভারোকে ভালোবাসি। কেবল আশা করি, আগামীকাল (বুধবার) তারা খারাপ করবে।”

খেলোয়াড়ি জীবনে মরিনিয়োর কোনো সংবাদ সম্মেলন মিস করতেন না আরবেলোয়া, এখনও করেন না। সাবেক কোচের কথায় আপ্লুত তিনি।

“আমার সম্পর্কে তিনি যা বলেছেন, তার জন‍্য আমি গর্বিত। রোমাঞ্চিত এবং খুশি এই জন‍্য যে, সব পর্যায়ে তিনি আমার জন‍্য কোচের চেয়েও বেশি। ব‍্যক্তিগতভাবে ক‍্যারিয়ার জুড়ে আমার জন‍্য তিনি গুরুত্বপূর্ণ ছিলেন। তাকে আমি নিজের অনেক বড় বন্ধু মনে করি এবং এসব মন্তব‍্যের জন‍্য তাকে ধন‍্যবাদ জানাব।”

মরিনিয়োর সঙ্গে দেখা হওয়া এবং তাকে আলিঙ্গন করার জন‍্য উন্মুখ আরবেলোয়া। পর্তুগিজ কোচের আয়নায় নিজেকে দেখেন তিনি। দুই জনের সম্পর্ক কেমন তারও একটা ধারণা দিলেন ৪৩ বছর বয়সী স্প‍্যানিশ কোচ।

“অবশ‍্যই তিনি আয়না। প্রথম দিন আমি বলেছি, তার মতো আর কেউ হবে না। যে তাকে অনুকরণ করতে যাবে, সে ব‍্যর্থ হবে। আমার সাফল‍্য আসবে আমার মতো করেই। কিছুটা আরবেলোয়া হয়ে, সেখানে মরিনিয়োরও প্রভাব থাকবে। কারণ, আমি সব কিছু তার কাছ থেকে শিখেছি। আগামীকাল আমাদের দেখা হবে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ৯০ মিনিট। আগামীকাল আমরা ম‍্যাচ জিততে চাই। আমি জানি, তিনি এবং তারা কতটা লড়াকু।”

“আমাদের যোগাযোগ আছে। আপনারা বুঝতে পারবেন কেন তিনি তার মোবাইল নাম্বার এতবার বদলান। আমি তাকে যতটা কম সম্ভব বিরক্ত করার চেষ্টা করি। তিনি তেমন বন্ধুদের একজন, যার সঙ্গে লম্বা সময় কথা নাও বলতে পারেন কিন্তু রাত তিনটায় কল করতে পারেন এবং তিনি সেটা রিসিভ করবেন। আমার মতে, আমাদের সম্পর্কটা এমন। আমাদের যোগাযোগ আছে কিন্তু আমি তাকে খুব একটা বিরক্ত করতে চাই না”