২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ যেন বদলে যাওয়া নেইমার

দলের ভালোর জন্য মাঠে যে কোনো কঠিন কাজ করতে প্রস্তুত ব্রাজিল তারকা।

মাজহারুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 07:23 PM

Updated : 26 Oct 2022, 07:33 PM

কয়েক মাস আগেও নেইমারকে ঘিরে শোনা যাচ্ছিল ক্লাব ছাড়ার জোরাল গুঞ্জন। কিলিয়ান এমবাপে, লিওনেল মেসিদের উপস্থিতিতে পিএসজিতে তিনি অনেকটাই যেন হয়ে পড়েছিলেন ব্রাত্য। তবে সংশয়ের কাটা মাড়িয়ে চলতি মৌসুমে সাফল্যের সৌরভ ছড়াচ্ছেন নেইমার। বদলে যাওয়া এই ব্রাজিলিয়ান তারকা ক্লাব, কোচ ও দল সবার কাছেই এখন ভরসার প্রতীক। 

অনেক প্রত্যাশা নিয়ে ২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ইউরোয় বার্সেলোনা থেকে নেইমারকে দলে টানে পিএসজি। ওই সময়ে তাকে ঘিরে দলটি সাজিয়েছিল ভবিষ্যৎ পরিকল্পনা। মূল চাওয়া ছিল, অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়। কিন্তু প্রত্যাশার প্রতিদান সেভাবে দিতে পারেননি তিনি। একের পর এক চোটে মিস করেন চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ অনেক ম্যাচ। আবার যখন ফিট ছিলেন, তখন নকআউট পর্বে আলো ছড়াতে হন ব্যর্থ। 

এখনও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি পিএসজি, সেরা সাফল্য ২০২০ সালে রানার্সআপ হওয়া। গত মৌসুমে মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর ধারণা করা হচ্ছিল তিনি, নেইমার ও এমবাপের সমন্বয়ে দারুণ একটা আক্রমণ ত্রয়ী পাবে দলটি। 

এমবাপে ভালো খেললেও মেসি ছিলেন না চেনা ছন্দে। ২০২১-২২ মৌসুমটা নেইমারের জন্যও কাটে চরম হতাশায়। চোটের ধাক্কা তো ছিলই, মাঠের পারফরম্যান্সও ছিল না প্রত্যাশা মাফিক। ঘরের মাঠে নিজেদের সমর্থকদের দুয়োও শুনতে হয়েছিল তাকে। 

এরপর গ্রীষ্মে কয়েকবারই আসে নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন। এতে নাকি সম্মতি ছিল এমবাপেরও, গত কয়েকমাস ধরে ফরাসি এই স্ট্রাইকারের সঙ্গে তার টানাপোড়েনের খবর আসছে হরহামেশাই। তবে শেষ পর্যন্ত ক্লাবেই থেকে যান ৩০ বছর বয়সী ফরোয়ার্ড। 

মৌসুমের শুরুতে নেইমার প্রতিশ্রুতিও দিয়েছিলেন হতাশার বৃত্ত থেকে বেরিয়ে আসার। বলেছিলেন-এবার তাকে দেখা যাবে ভিন্ন রুপে। মাঠে এমবাপের সঙ্গে তার রসায়ন জমছে দারুণ। আর মেসির সঙ্গে তার বোঝাপড়া তো সেই বার্সেলোনা সময় থেকেই দুর্দান্ত। 

সব মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত মুখের কথা দারুণভাবে মাঠেও অনুদিত করে দেখাচ্ছেন নেইমার। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে এরই মধ্যে ১২টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯টি। সবশেষ ম্যাকাবি খাইফার বিপক্ষে চ্যাম্পিয়ন লিগ ম্যাচেও দুর্দান্ত ছিলেন তিনি। 

শুধু গোল নয়, সামগ্রিকভাবেই বদলে গেছে নেইমারের খেলার ধরন, দায়িত্বের পরিধিও। আক্রমণভাগের খেলোয়াড় হলেও তাকে এখন নিয়মিতভাবে দেখা যায় রক্ষণে দলকে সহায়তা করতে। 

এইতো কদিন আগে, ফ্রান্সের সংবাদমাধ্যমগুলোও ছিল নেইমারের সমালোচনায় মুখর। তাতেও এসেছে বদল। লেকিপে তাদের প্রতিবেদনে লিখেছে, ক্লাবের প্রতি নেইমারের নিবেদন আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি। দলের ভালোর জন্য মাঠে কঠিন কাজগুলো করতে সদা প্রস্তুত তিনি। 

চলতি মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ ড্র করার পর ফরমেশনে বদল আনেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে। ৩-৪-২-১ থেকে বদলে এখন খেলাচ্ছেন ৪-৩-১-২ ফরমেশনে, তাতে ফলও মিলছে দারুণ। টানা তিন ম্যাচে জয় পেয়েছে লিগ চ্যাম্পিয়নরা। 

গালতিয়ের নতুন ফরমেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নেইমার। ফরাসি কোচের মতে, সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড তার দলে ভারসাম্য বজায় রাখছেন। 

“সে (নেইমার) আমাদের সেরা ভারসাম্য এনে দেয়। বারবার প্রচেষ্টা চালানোর সামর্থ্য ও ক্ষীপ্রতা তার আছে। সে দলের প্রতি উদার। এটা একটা ভাল ভারসাম্য দেয়।” 

“সে নিজের অবস্থান পরিবর্তন করতে সক্ষম এবং তার চমকপ্রদ গতি ও টেকনিক্যাল গুণ রয়েছে। তার আচরণ অনবদ্য।” 

লেকিপে ছাড়াও কয়েকটি ফরাসি সংবাদমাধ্যমে বলা হচ্ছে, এই মৌসুমে পিএসজিতে নেইমার আগের চেয়ে অনেক বেশি 'শান্ত'। তবে সেখানে এও উল্লেখ করা হয়েছে, এর পেছনে ভূমিকা রেখেছে তার কাতার বিশ্বকাপের প্রস্তুতির দিকটি। আগামী ২০ নভেম্বর শুরু হবে বৈশ্বিক আসর। 

বিশ্বকাপের রেকর্ড পাঁচ শিরোপার সর্বশেষটি ব্রাজিল জিতেছিল ২০০২ সালে। ষষ্ঠ ট্রফি জয়ের দুর্নিবার আকাঙ্ক্ষা নিয়ে বিশ্বকাপে এবারের অভিযানে নামবে তিতের দল। দলটির আশা ভরসার মূল কান্ডারি নেইমার। 

নেইমার নিজেও এবার জিততে চান ভিন্ন 'ডাবল'। চলতি মাসে পিএসজি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার লক্ষ্য ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা ও পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো। 

নেইমারের চাওয়া পূরণ হবে কিনা, তা সময়ই বলে দেবে। তবে বদলে যাওয়া এই নেইমার কেবল তার ক্লাব পিএসজি শিবিরেই স্বস্তির সুবাতাস বয়ে আনছে না, ব্রাজিলের ফুটবলপ্রেমীদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের পালে হাওয়াও দিচ্ছে বেশ।