‘রোনালদোকে অবশ্যই ধৈর্য ধরতে হবে’
সময়টা যে আর আগের মতো নেই, সাবেক ক্লাব সতীর্থকে সেটাও মনে করিয়ে দিয়েছেন ওয়েইন রুনি।
বেঞ্চে বসে থাকা কোনো খেলোয়াড়েরই পছন্দ নয়; ক্রিস্তিয়ানো রোনালদোর তো সেটা আরও বেশি অপছন্দের। সবসময় খেলতে, সেরাটা নিংড়ে দিতে উন্মুখ থাকেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। কিন্তু তার চাওয়ার সঙ্গে পাওয়ার হিসাবটা এখন আর মিলছে না। ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা একাদশে হয়ে পড়েছেন অনিয়মিত; সবশেষ ম্যানচেস্টার ডার্বিতেও তিনি ছিলেন দর্শক। তার সাবেক ক্লাব সতীর্থ ওয়েইন রুনি বুঝতে পারছেন বিষয়গুলো কেন এমন হচ্ছে। তাই রোনালদোকেও ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি।
গত মৌসুমে ইউনাইটেডে ফেরা রোনালদো চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র একটি লিগ ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন। এর আগে গ্রীষ্মের দলবদলে তার ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জনের অন্ত ছিল না। যদিও কোচ এরিক টেন হাগ বলেছিলেন, নতুন মৌসুমে রোনালদোকে নিয়ে তার পরিকল্পনা থাকার কথা।
সেই পরিকল্পনা খুব একটা পরিষ্কার হয়েছে, তাও নয়। গত সপ্তাহে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে দলের ৬-৩ গোলে উড়ে যাওয়াটা রোনালদো দেখেছেন বেঞ্চে বসে। ওই ভরাডুবির পর অবশ্য টেন হাগ দাবি করেছিলেন, সম্মান জানাতেই বদলি হিসাবে পর্তুগিজ ফরোয়ার্ডকে খেলাননি তিনি।
ইউনাইটেডের আক্রমণভাগে রোনালদোর সঙ্গে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন রুনি। ফলে সাবেক ক্লাব সতীর্থের খেলতে চাওয়ার মানসিকতা সম্পর্কে ভালো জানা আছে তার। তিনিও বুঝতে পারছেন পর্যাপ্ত ‘গেম টাইম’ না পাওয়া, বেঞ্চে বসে থাকাটা রোনালদোর জন্য হজম করা খুব কঠিন।
মেজর সকার লিগের দল ডিসি ইউনাইটেডের কোচের দায়িত্বে থাকা রুনি তাই ৩৭ বছর বয়সী রোনালদোকে বাস্তবতা মনে করিয়ে দিলেন। ধৈর্য ধরে অপেক্ষার পরামর্শও দিলেন তিনি।
“দল যেভাবে খেলছে এবং সফল হয়েছে, তাতে কোচ ভিন্ন একটা পথ বেছে নিয়েছে। ক্রিস্তিয়ানো ও (লিওনেল) মেসি সর্বকালের সেরা দুই খেলোয়াড়, কিন্তু শেষ পর্যন্ত সময় তো আমাদের সবাইকে ঠিকই জেঁকে ধরে। ক্রিস্তিয়ানো এখন সেই ২২ বা ২৩ বছর বয়সী খেলোয়াড় নয়। এখন যা হচ্ছে, তার জন্য মেনে নেওয়া কঠিন।”
“তাকে যেমনটা জানি, বেঞ্চে বসে থাকা তার জন্য খুবই কঠিন একটি বিষয়…আমি নিশ্চিত, যদি সে ধৈর্য ধরে, তাহলে তার সুযোগ আবারও আসবে এবং তাকে অবশ্যই সুযোগটা নিতে হবে এবং একাদশে জায়গা পাকা করার চেষ্টা করতে হবে।”
এবারের প্রিমিয়ার লিগে এখনও জালের দেখা পাননি রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে মৌসুমে একটি মাত্র গোল করেছেন তিনি, ইউরোপা লিগে।
তার দল ইউনাইটেডের অবস্থাও ভালো নয়। চলতি লিগে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা। রোববার দলটি মুখোমুখি হবে এভারটনের।
