২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়ামালের মৌসুম শেষ, বিশ্বকাপে পাওয়ার আশা

বার্সেলোনা তারকাকে চার থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে।

ইয়ামালের মৌসুম শেষ, বিশ্বকাপে পাওয়ার আশা
সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে বেকায়দায় চোট পেয়ে মাঠ ছাড়েন লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 06:54 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

মৌসুমের শেষ সময়ে এসে অনেক বড় এক ধাক্কা খেল বার্সেলোনা। চোটের কারণে মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেলেন লামিনে ইয়ামাল। 

কাতালান ক্লাবটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষায় ইয়ামালের বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। মৌসুমের বাকি অংশে তিনি খেলতে পারবেন না, তবে বিশ্বকাপের জন্য তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

তার সেরে উঠতে কতদিন লাগবে, সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। স্পেনের সংবাদমাধ্যম এএস এর খবর, চার থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ১৮ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গারকে।

কাম্প নউয়ে বুধবার লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে জয়ের ম্যাচে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ইয়ামাল। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি। গোল করার পরই উদযাপনের সময় তিনি ডাগআউটের দিকে হাত উঁচিয়ে অস্বস্তি অনুভব করার ইঙ্গিত করেন। ফিজিওর শুশ্রূষা নিয়েও আর খেলা চালিয়ে যেতে পারেননি।

চোটে পড়ার আগে দারুণ ছন্দে ছিলেন ইয়ামাল। চলতি মৌসুমে লা লিগায় ২৮ ম্যাচে করেছেন ১৬ গোল, অ্যাসিস্ট ১২টি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। 

মৌসুমে এখন একটি প্রতিযোগিতাতেই শুধু টিকে আছে বার্সেলোনা। লা লিগা শিরোপা ধরে রাখার পথেই আছে তারা। ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে হান্সি ফ্লিকের দল। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ।

আগামী ১৫ জুন নবাগত কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন।