১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নাম্বার ওয়ান সিনারের জয়যাত্রা থামিয়ে চ্যাম্পিয়ন আলকারাস

সাত মাস আগে এই একই প্রতিপক্ষের বিপক্ষে সবশেষ হেরেছিলেন ইয়ানিক সিনার।

নাম্বার ওয়ান সিনারের জয়যাত্রা থামিয়ে চ্যাম্পিয়ন আলকারাস
ইতালিয়ান ওপেনের প্রথম শিরোপা হাতে কার্লোস আলকারাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2025, 05:34 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

প্রথম সেটে জয়ের কাছে গিয়েও পারলেন না ইয়ানিক সিনার। আর দ্বিতীয় সেটে তাকে দাঁড়াতেই দিলেন না কার্লোস আলকারাস। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়কে হারিয়ে ইতালিয়ান ওপেনের শিরোপা জিতলেন স্প্যানিশ তারকা।

রোববারের ফাইনালে ৭-৬ (৭-৫), ৬-১ গেমে জিতে ট্রফি উঁচিয়ে ধরেন র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর আলকারাস। টানা ২৬ জয়ের পর হারের স্বাদ পেলেন সিনার।

তিন মাসের ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে এই টুর্নামেন্ট দিয়েই কোর্টে ফেরেন সিনার। আশায় ছিলেন এখানে ১৯৭৬ আসরের বিজয়ী আদ্রিয়ানো পানাত্তার পর প্রথম ইতালিয়ান হিসেবে পুরুষ এককের চ্যাম্পিয়ন হওয়ার।

কিন্তু, প্রথম সেটে দুবার সেট পয়েন্টের দুয়ারে থেকেও দিক হারিয়ে ফেলেন সিনার। এরপর, টাইব্রেকে ওই সেট হারের পর আর কোনো লড়াই-ই করতে পারেননি তিনি।

কোণঠাসা অবস্থা থেকে শেষ পর্যন্ত দাপুটে জয় পাওয়ায়, ম্যাচ শেষে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী আলকারাসের কণ্ঠে ছিল উচ্ছ্বাস।

“প্রথম রোম শিরোপা জিততে পেরে আমি সত্যিই খুব খুশি। আশা করি, এটা শেষ হবে না।”

কঠিন সময় পেছনে ফেলে সিনারের ফিরে আসাকেও বিশেষ করে তুলে ধরেন ২২ বছর বয়সী আলকারাস।

“ইয়ানিককে তার সেরা অবস্থায় ফিরতে দেখে আমি অনেক খুশি। আমি নিশ্চিত, তিন মাস পর কোর্টে ফেরাটা তার জন্য সহজ ছিল না এবং এরপরও ফাইনালে ওঠা দুর্দান্ত কিছু। তাই তাকে আমার শুভেচ্ছা জানাতে হবে।”

“মানসিকভাবে ম্যাচটিতে যেভাবে আমি এগিয়েছি, তাতে নিজেকে নিয়ে আমি গর্বিত। আমার মনে হয়, প্রথম পয়েন্ট থেকে শেষ পর্যন্ত টেকনিক্যালি আমি বেশ ভালো খেলেছি।”

এর আগে সিনার সবশেষ হেরেছিলেন গত অক্টোবরে এবং সেটাও আলকারাসের বিপক্ষেই, চায়না ওপেন ফাইনালে। এবার আরেক ফাইনালে তার বিপক্ষে হতাশ হতে হলো তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সিনারকে।