২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের ‘নববর্ষের অভিশাপ’ কাটাতে মরিয়া আর্তেতা

ক্লাবের ইতিহাসের দুর্ভাগ্যের এই গল্পকে এবার বদলে দিতে চান দলটির কোচ মিকেল আর্তেতা।

আর্সেনালের ‘নববর্ষের অভিশাপ’ কাটাতে মরিয়া আর্তেতা
মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2026, 09:42 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

লিগ টেবিলের চূড়ায় থেকে নতুন বছর শুরু করে আগে কখনোই মৌসুম শেষে ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি আর্সেনাল। ক্লাবের ইতিহাসের দুর্ভাগ্যের এই গল্পকে এবার বদলে দিতে চান দলটির কোচ মিকেল আর্তেতা।

গেল বছরের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে গুঁড়িয়ে, দলটির বিপক্ষে আগের ম্যাচে হারের ক্ষতে প্রলেপ দেয় আর্সেনাল। সেই সঙ্গে নিশ্চিত করে শীর্ষে থেকে বছর শেষ করা। 

সাফল্যের সেই ধারাকেই সামনে টেনে নেওয়ার আশায় নতুন বছরের প্রথম ম্যাচে শনিবার বোর্নমাউথের বিপক্ষে খেলবে আর্তেতার দল। বোর্নমাউথের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

ম্যাচের আগের দিন শুক্রবার আর্তেতার সংবাদ সম্মেলনে উঠল ক্লাবের ওই ‘ঐতিহাসিক দুর্ভাগ্যের’ কথা। উত্তরে আত্মবিশ্বাসী কণ্ঠে এই স্প্যানিশ কোচ বললেন, তার দলের সবার মধ্যে এবার নতুন গল্প লেখার তাড়না কাজ করছে।

“চলো এবার এটাকে বদলে দেই- প্রতিদিন তারা যেন নিজেদেরকে এই ভাবনা দিয়ে উদ্বুদ্ধ করে, তাদের মধ্যে এই তাড়না দেখতে পাবেন। বুঝতে পারবেন, যে এটা তারা কতটা চায়।”

“এখনও পাঁচ মাস বাকি আছে, প্রতিদিন উপভোগ করতে হবে এবং আমরা যে প্রক্রিয়ায় আছি সেটাকে উপভোগ করতে হবে।”

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভিলার মাঠে একটা ধাক্কা খেয়েছিল আর্সেনাল। দলটির ওই হারের সুযোগে তাদের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে আনে সিটি। তবে বছরের শেষ ম্যাচের জয়ে এবং সিটি নিজেদের সবশেষ ম্যাচে পয়েন্ট হারানোয়, দল দুটির মধ্যে ব্যবধান এখন ৪।

১৯ রাউন্ড শেষে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

দল ছন্দে এগিয়ে চলায় এবং টেবিলে নিজেদের অবস্থানে খুশি আর্তেতা। তবে স্বাভাবিকভাবেই আরও উন্নতির সুযোগ দেখছেন তিনি।

“আমরা যে অবস্থায় আছি, তাতে আমরা সত্যিই খুশি। সবকিছু যদিও সবসময় আরও ভালো হতে পারে, কিছু কিছু বিষয়ে আরও উন্নতি করতে পারি আমরা। এই মুহূর্তে আমাদের একমাত্র লক্ষ্য বোর্নমাউথের বিপক্ষে পরের ম্যাচ। এখন কেবল জানুয়ারি, এখন পাঁচ মাসের লড়াই বাকি। আমাদের আরও অনেক কিছু করতে হবে।”

প্রিমিয়ার লিগে আর্সেনাল সবশেষ শিরোপা জিতেছে ২০০৩-০৪ মৌসুমে। মাঝে কয়েকবার সম্ভাবনা জাগালেও শেষটায় বারবার হতাশা ঘিরে ধরেছে তাদের।

প্রতিযোগিতাটির আগের ১০ আসরের মধ্যেই যেমন দুইবার টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করেও, শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি আর্সেনাল; ২০১৫-১৬ ও ২০২২-২৩ মৌসুমে। প্রথমবার চ্যাম্পিয়ন লেস্টার সিটির ১০ পয়েন্ট পেছনে থেকে রানার্সআপ হল আর্সেনাল, আর পরেরবার চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির থেকে ৫ পয়েন্ট কম নিয়ে রানার্সআপ হয় মিকেল আর্তেতার দল।