২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

মদ্যপ অবস্থায় গাড়ি দুর্ঘটনা: মালদিনির ছেলের ড্রাইভিং লাইসেন্স বাতিল

এই দুর্ঘটনায় দানিয়েল মালদিনিসহ মোট ছয় জন সামান্য আহত হন।

মদ্যপ অবস্থায় গাড়ি দুর্ঘটনা: মালদিনির ছেলের ড্রাইভিং লাইসেন্স বাতিল
দানিয়েল মালদিনি। ছবি: কাইয়ারি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 07:54 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

মিলানে একটি গাড়ি দুর্ঘটনার পর, রক্তে আইনসম্মত সীমার চেয়ে বেশি অ্যালকোহল পাওয়ায় ইতালিয়ান ফুটবলার দানিয়েল মালদিনির ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, সোমবার স্থানীয় পুলিশের একটি সূত্র এই তথ্য জানিয়েছে।

ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনির ছেলে দানিয়েল মালদিনি খেলেন কাইয়ারির হয়ে। রোববার ভোরের দিকে শহরের উত্তরে তার পোর্শে ক্যারেরা ৪ গাড়িটির অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে মালদিনিসহ মোট ছয় জন সামান্য আহত হন।

২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ওইদিনই দিন তাকে ছেড়ে দেওয়া হয়।

আরও পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পর মালদিনির ড্রাগ টেস্টও করা হয়, কিন্তু এর ফলাফল আসতে আরও তিন থেকে চার দিন সময় লাগতে পারে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

গত শনিবার রাতে সেরি আ-তে আতালান্তার বিপক্ষে কাইয়ারির ২-১ ব্যবধানের জয়ে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন মালদিনি।

কাইয়ারি সোমবার জানিয়েছে, মালদিনি এ দিন সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরবেন এবং দলের পরবর্তী ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে।