ইংলিশ ফুটবল
Published : 20 Dec 2024, 09:13 PM
মাঠে ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে ম্যাসন মাউন্টের। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হুবেন আমুরির মতে, চোট কাটিয়ে ফিট হয়ে উঠতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে ইংলিশ মিডফিল্ডারের।
গত শনিবার ম্যানচেস্টার ডার্বিতে সিটির বিপক্ষে ইউনাইটেডের ২-১ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন মাউন্ট। কিন্তু স্রেফ ১৪ মিনিট খেলেই তাকে ছাড়তে হয় মাঠ। পরে জানা যায় পেশির চোটে ভুগছেন ২৫ বছর বয়সী ফুটবলার।
গত বছর চেলসি ছেড়ে ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকেই চোটের সঙ্গে লড়াই চলছে মাউন্টের। গত মৌসুমের বেশিরভাগ সময় তো চোটের থাবায় মাঠের বাইরেই ছিলেন তিনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে খেলতে পেরেছেন কেবল ১২ ম্যাচ। যার মধ্যে শুরুর একাদশে তার সুযোগ মিলেছে কেবল চারটিতে।
পরের ম্যাচে রোববার প্রিমিয়ার লিগে বোর্নমাউথের মুখোমুখি হবে ইউনাইটেড। শুক্রবার সংবাদ সম্মেলনে এসে আমুরি বললেন, মাউন্টের ফিরতে আরও সময় লাগবে।
“কয়েক সপ্তাহ লাগবে। আমি সঠিক তারিখ জানি না, তবে (মাউন্টের বাইরে থাকা) সময়টা দীর্ঘ হবে। এটা ফুটবলেরই অংশ এবং আপনাকে এগিয়ে যেতে হবে।”
প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ত্রয়োদশ স্থানে আছে ইউনাইটেড। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট কেবল ২২।