২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানি দলে অভিষেকের অপেক্ষায় থাকা তিন গোলরক্ষক

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২৯ বছর বয়সী স্ট্রাইকার টিম ক্লাইনডিনস্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2024, 08:13 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

নেশন্স লিগে আসছে দুই ম্যাচের জন্য আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায় থাকা তিন গোলরক্ষককে দলে ডেকেছেন জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২৯ বছর বয়সী স্ট্রাইকার টিম ক্লাইনডিনস্ট।

বসনিয়া ও হার্জেগোভিনা আর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন নাগেলসমান। 

ক্লাব বার্সেলোনার হয়ে খেলার সময় গত সপ্তাহে হাঁটুতে মারাত্মক চোট পান জার্মানির প্রথম পছন্দের গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। লিগামেন্ট ছিঁড়ে গেছে তার। এই ফুটবলারের গোটা মৌসুমই শেষ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তার আগে জার্মানদের প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন যিনি, সেই মানুয়েল নয়ার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর বিদায় বলে দেন আন্তর্জাতিক ফুটবলকে। 

গোলপোস্ট সামলানোর জন্য নাগেলসমান তাই দলে ডেকেছেন হফেনহাইমের ৩৪ বছর বয়সী অলিভার বাউমান, সালসবুর্কের ৩৩ বছর বয়সী জানিস ব্লাসভিচ ও স্টুটগার্টের ২৮ বছর বয়সী আলেকসান্দার নুবেলকে। এই তিন গোলরক্ষক আগেও বিভিন্ন সময়ে জাতীয় দলে ডাক পেয়েছিলেন, তবে কখনও খেলার সুযোগ পাননি।

বুন্ডেসলিগায় উজ্জ্বল পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ক্লাইনডিনস্ট। গত মৌসুমে হাইডেনহাইমের হয়ে লিগে ১২ গোল করার পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেন তিনি। চলতি মৌসুমে বরুশিয়া মনশেনগ্লাডবাখে যোগ দিয়ে লিগে প্রথম ৫ ম্যাচে তার গোল দুটি, অ্যাসিস্ট একটি।

গত নভেম্বরের পর প্রথমবার দলে ফিরেছেন বায়ার্ন মিউনিখ উইঙ্গার সের্গে জিনাব্রি। চোটের কারণে ঘরের মাঠে অনুষ্ঠিত ইউরোয় তিনি খেলতে পারেননি। ফিরেছেন ডিফেন্ডার আন্টোনিও রুডিগারও।

আগামী ১১ অক্টোবর বসনিয়ার মাঠে খেলবে জার্মানি। তিন দিন পর ঘরের মাঠে ডাচদের মুখোমুখি হবে চারবারের বিশ্বকাপ জয়ীরা।

নেশন্স লিগের ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মানি। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে নেদারল্যান্ডস। বসনিয়া ও হাঙ্গেরির ১ পয়েন্ট করে।