কর ফাঁকির দায়ে কার্লো আনচেলত্তির ১ বছরের জেল
শুরু থেকে এই ইতালিয়ান কোচ সব অভিযোগ অস্বীকার করলেও, শেষ পর্যন্ত শাস্তি এড়াতে পারলেন না।
স্পেন ছেড়ে যাওয়ার পর পুরোনো এক মামলায় শাস্তি পেয়েছেন কার্লো আনচেলত্তি। কর ফাঁকির দায়ে তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
তার বিরুদ্ধে এই কর ফাঁকির অভিযোগ ২০১৪ সালের, যখন তিনি প্রথম মেয়াদে রেয়াল মাদ্রিদের কোচ ছিলেন। ২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত আনচেলত্তি ইমেজ-স্বত্ব বাবদ ১০ লাখ ইউরোর বেশি আয়ের ওপর কর ফাঁকি দেন বলে অভিযোগ আনে স্পেনের কর কার্যালয়।
গত বছরের মার্চে আনচেলত্তির ৪ বছর ৯ মাসের কারাদণ্ড ও ৩২ লাখ ইউরো জরিমানার আবেদন করেন স্পেনের সরকারি কৌঁসুলিরা। অভিযোগে বলা হয়, তিনি শুধু ক্লাবের দেওয়া বেতনের কথা জানিয়েছিলেন এবং ট্যাক্স রিটার্নে তার ইমেজ-স্বত্ব থেকে আয় বাদ দিয়েছিলেন।
ক্যারিয়ারে দারুণ সফল এই ইতালিয়ান কোচ অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তবে, শেষ পর্যন্ত শাস্তি এড়াতে পারলেন না রেয়াল মাদ্রিদ ছেড়ে গত মে মাসে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়া ৬৬ বছর বয়সী এই কোচ।
অবশ্য স্পেনের আইন অনুযায়ী, অহিংস অপরাধে দুই বছরের কম কারাদণ্ডের শাস্তির ক্ষেত্রে সাধারণত কোনো অপরাধীকে জেলে যেতে হয় না।
রেয়াল মাদ্রিদে দুই মেয়াদের দায়িত্বে দারুণ সফল ছিলেন আনচেলত্তি।
প্রথম দফায় ২০১৩ সালের গ্রীষ্মে মাদ্রিদের দলটির দায়িত্ব নেন আনচেলত্তি। ২০১৫ সালের মে মাসে বরখাস্ত করা হয় তাকে। চেলসি ও এসি মিলানের সাবেক এই কোচ আবার মাদ্রিদে ফেরেন ২০২১ সালের জুনে। দুই মেয়াদে তার কোচিংয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগাসহ অনেক শিরোপা জিতেছে ইউরোপের সফলতম দলটি।
স্পেনে গত এক দশকে কর ফাঁকির অভিযোগে বেশ কয়েকজন খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে তদন্ত করেছে দেশটির কর কর্তৃপক্ষ। ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও স্পেনের দিয়েগো কস্তার মতো খেলোয়াড়রা আদালতের বাইরে মোটা অঙ্কের জরিমানা দিয়ে যেমন পার পেয়ে যান, তেমনি রেয়ালের বর্তমান কোচ শাবি আলোন্সোর মতো অন্যরা আদালতে তাদের নির্দোষ প্রমাণ করার সিদ্ধান্ত নেন।
