২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি ও রোনালদোর থেকে ‘অনেক দূরে’ হলান্ড

‘কেউ তাদের কাছাকাছি যেতে পারবে না’, বললেন ম্যানচেস্টার সিটির তারকা।

মেসি ও রোনালদোর থেকে ‘অনেক দূরে’ হলান্ড
আর্লিং হলান্ড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 08:13 AM

Updated : 26 Aug 2026, 02:36 PM

ধারাবাহিকভাবে গোল করে ‘গোলমেশিনে’ পরিণত হওয়া আর্লিং হলান্ড নিজেকে মোটেও লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পর্যায়ে দেখেন না। ম্যানচেস্টার সিটি তারকার মতে, কেউই ফুটবলের দুই মহাতারকার গোলস্কোরিং রেকর্ডের কাছাকাছি যেতে পারবে না।

এই মৌসুমে ক্লাব ও নরওয়ে জাতীয় দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে এরই মধ্যে ২৬ গোল হয়ে গেছে হলান্ডের। ২৫ বছর বয়সী স্ট্রাইকারের ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৩২৭।

৩৮ বছর বয়সী মেসির গোল এখন ৮৯২টি। হাজার গোলের পথে ছুটে চলা ৪০ বছর বয়সী রোনালদোর গোল ৯৫২টি। অনেকে এখনই হলান্ডকে এই দুই গ্রেটের সঙ্গে তুলনা করছেন। গত রোববার প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে তিনি জোড়া গোল করার পর সিটি কোচ পেপ গুয়ার্দিওলা যেমন বলেন, ‘সংখ্যার বিচারে মেসি ও রোনালদোর মানে পৌঁছে গেছে হলান্ড।’

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার নিজের সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হওয়ার হওয়ার আগে সংবাদ সম্মেলনে হলান্ডকে জিজ্ঞেস করা হয়, তিনি নিজেকে মেসি-রোনালদোর পর্যায়ে দেখেন কি না। তিনি উত্তর দেন, “না, মোটেও না।”

“(তাদের থেকে) আমি অনেক দূরে। কেউ তাদের দুজনের কাছাকাছি যেতে পারবে না।”

২০২২ সালে ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেওয়ার পর প্রথম দুই মৌসুমে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয়ী হলান্ড গত আসরে একটু পিছিয়ে পড়েছিলেন, হয়েছিলেন তৃতীয়। তবে এবার তিনি ছুটছেন দুর্বার গতিতে, প্রথম ১০ রাউন্ডে করেছেন ১৩ গোল। দ্বিতীয় সর্বোচ্চ গোল ৬টি, ভিন্ন চার জনের।

সব মিলিয়ে প্রিমিয়ার লিগে ১০৭ ম্যাচে তার গোল হয়ে গেছে ৯৮টি। ইংল্যান্ডের শীর্ষ লিগে গোলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া তার জন্য স্রেফ সময়ের ব্যাপার। ১২৪ ম্যাচে মাইলফলক ছুঁয়ে রেকর্ডটি এখন অ্যালান শিয়েরারের। ২৬০ গোল করে প্রিমিয়ার লিগের রেকর্ড স্কোরারও সাবেক এই ইংলিশ অধিনায়ক। এই রেকর্ড ভাঙার জন্য হলান্ডের হাতে এখনও অনেক সময় আছে।

হলান্ড অবশ্য জোর দিয়েই বললেন, ব্যক্তিগত রেকর্ড নিয়ে তিনি ‘ভাবেন না।’