৩টি গোল করে ১১টি হজম, লিভারপুলের হতাশার নাম সেট-পিস
এভাবে চলতে থাকলে শিরোপা ধরে রাখা বহুদূর, শীর্ষ চার-পাঁচে থাকার আশাও দেখেন না কোচ আর্না স্লট।
চোটাঘাত, অধারাবাহিকতাসহ নানা সমস্যা তো আছেই লিভারপুলের। তবে এই মুহূর্তে আর্না স্লটের সবচেয়ে বড় দুর্ভাবনা সেট-পিস নিয়ে। তার দল কাজে লাগাতে পারছে না সেট-পিস, উল্টো সেট-পিস থেকে হজম করছে একের পর এক গোল। এখানে উন্নতি না হলে লিগের শিরোপা ধরে রাখা তো দূরের কথা, শীর্ষ চার-পাঁচে জায়গা দেখছেন না লিভারপুল কোচ।
দলবদলের বাজারে কাড়ি কাড়ি পাউন্ড খরচ করেও চলতি মৌসুমে লিভারপুলের পারফরম্যান্স হতাশাজনক। ১৭ ম্যাচে চেলসির সমান ২৯ পয়েন্ট তাদের, গোলপার্থক্যে তারা আছে পাঁচ নম্বরে।
তাদের এমন অবস্থার বড় কারণগুলির একটি সেট-পিসে ব্যর্থতা। সেট-পিস থেকে চলতি মৌসুমে এখনও পর্যন্ত স্রেফ তিনটি গোল করতে পেরেছে তারা, হজম করেছে ১১টি।
সেই হতাশা অকপটে প্রকাশের পাশাপাশি এভাবে চলতে থাকলে সম্ভাব্য পরিণতিও তুলে ধরলেন স্লট।
“এটির গুরুত্ব আমি জানি এবং এ কারণেই আমাদের বর্তমান রেকর্ড নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমাদের এই অবস্থানে আমরা প্রবল হতাশ। কারণ গত মৌসুমের মাঝপথে যখন ছিলাম (শিরোপা জয়ের পথে), এই পর্যায়ে আমরা সেট-পিস থেকে একটি গোলও হজম করিনি। আমাদের এই সেট-পিস ব্যালান্স নিয়ে শিরোপা জয় করা বহুদূর, শীর্ষ চার বা পাঁচেও থাকতে পারব না।”
এই হতাশার তিমিরেই অবশ্য আশার ঝিলিক দেখছেন স্লট। সেট-পিসে এত বাজে পারফরম্যান্সের পরও দল এখনও লড়াইয়ে আছে, সেটিকেই প্রেরণা মানছেন কোচ।
“লিগের শীর্ষ ভাগের দলগুলির মধ্যে আমরাই একমাত্র দল, যাদের সেট-পিস ব্যালান্স নেতিবাচক (ম্যানচেস্টার সিটিরও নেতিবাচক)। আমাদের ব্যালান্স শুধু নেতিবাচকই নয়, আমাদের ব্যবধান মাইনাস আট। তার পরও আমাদের পয়েন্ট চতুর্থ সর্বোচ্চ।”
“চেলসির ব্যালান্স সম্ভবত প্লাস আট (প্লাস চার), আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের সেট-পিসের সংখ্যাও অনেক বেশি (১০টি করে)। সেদিকে যদি তাকান, তাহলে বুঝতে পারবেন এমন সেট-পিস ব্যালান্সের পরও আমাদের এত পয়েন্ট পাওয়া কতটা স্পেশাল। কারণটা আমরা সবাই জানি, কারণ উন্মুক্ত সুযোগ তৈরিতে আমরা লিগে এক নম্বর।”
লিভারপুলের পরের লড়াই শনিবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে।
