নৌ দুর্ঘটনায় তিন সন্তানসহ নিহত ভালেন্সিয়া কোচ
প্রচণ্ড খারাপ আবহাওয়ার মধ্যে ১১ জন যাত্রীসহ নৌযানটি উল্টে যায়।
ইন্দোনেশিয়ায় এক নৌ ভ্রমণের সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভালেন্সিয়ার কোচ ফের্নান্দো মার্তিন। নৌকা উল্টে গিয়ে একই সঙ্গে মারা গেছেন তার তিন সন্তান।
স্থানীয় কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করেছে। ক্লাবের নারী ‘বি’ দলের কোচ মার্তিন ও তার তিন সন্তানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভালেন্সিয়া।
ইন্দোনেশিয়া ও স্প্যানিশ কর্তৃপক্ষ শনিবার জানায়, ইন্দেনেশিয়ার জনপ্রিয় পর্যটন এলাকা লাবোয়ান বাজো দ্বীপের কাছে পাদার আইল্যান্ডে প্রচণ্ড খারাপ আবহাওয়ার মধ্যে ১১ জন যাত্রীসহ নৌযানটি উল্টে যায়।
উদ্ধার অভিযানের কোঅর্ডিনেটর ফাথুর রহমান রয়টার্সকে জানিয়েছে যে, রোববার সকালেও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান আছে।
দুর্ঘটনার কবলে পড়েছিলেন মার্তিনের স্ত্রী ও তাদের এক কন্যা সন্তানও। তাদেরসহ ওই নৌযানের চারজন সদস্য এবং একজন ট্যুর গাইডকে উদ্ধার করা হয়েছে।
