২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেড ছাড়ছেন না অ্যামুরি

গ্রিমসবি টাউনের বিপক্ষে হারের পর যে দ্বিধার সুর ছিল তার কণ্ঠে, এবার এর ব্যাখ্যা দিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।

ইউনাইটেড ছাড়ছেন না অ্যামুরি
ম‍্যানচেস্টার ইউনাইটেড কোচ হুবেন অ‍্যামুরি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 10:08 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

চতুর্থ স্তরের দল গ্রিমসবি টাউনের বিপক্ষে অভাবনীয় হারের পর হুবেন অ্যামুরির কণ্ঠে বিদায়ের প্রচ্ছন্ন সুর বাজছিল, দুদিনের মধ্যেই অবশ্য নিজেকে সামলে নিয়েছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ পরিষ্কার করেছেন, আবেগপ্রবণ হয়ে সেই সময়ে অমন কথা বলেছিলেন তিনি। 

গ্রিমসবির বিপক্ষে হেরে গত বুধবার লিগ কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়ের পর সরে দাঁড়ানোর আভাস দেন অ্যামুরি। তবে শুক্রবার তার কণ্ঠে শোনা গেল নতুন সুর।

“কখনও আমি বিদায় নিতে চাই, কখনও আমি এখানে ২০ বছর থাকতে চাই। কখনও আমার খেলোয়াড়দের সঙ্গে থাকতে আমি ভালোবাসি, কখনও আমি ওদের সঙ্গে থাকতে চাই না।” 

নতুন মৌসুমে আক্রমণভাগ ঢেলে সাজালেও প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচ থেকে কেবল ১ পয়েন্ট পেয়েছে ইউনাইটেড। এর পাশাপাশি লিগ কাপ থেকে দ্রুত বিদায়ে অ্যামুরি পড়ে গেছেন ভীষণ চাপে। গ্রিমসবি ম্যাচ শেষে তার মন্তব্যে সেটা স্পষ্ট হয়েছে আরও। 

“আমি মনে করি, কিছু ক্ষেত্রে পরিবর্তন আসতেই হবে।”

শনিবার বার্নলির বিপক্ষে খেলবে ইউনাইটেড। এর আগের দিন সংবাদ সম্মেলনে সরে দাঁড়াতে চান কিনা, জানতে চাইলে অ্যামুরি নিজের অবস্থান পরিষ্কার করেন।

“ওই ম্যাচের পর আমি তেমনটাই অনুভব করেছিলাম। সেটা এই মুহূর্তে অনুভব করছি না। বিষয়টা আসলে এরকম।”

“কখনও কখনও ফল গুরুত্বপূর্ণ নয়, কীভাবে ম্যাচ হারলাম সেটাই মূল। এটা আসলে মেনে নেওয়া কঠিন। কারণ, আমরা ভালো করতে পারি। এই মুহূর্তে আমরা, আমরা পজিশন কাভার করছি, বলের জন্য লড়াই করছি, দৌড়াচ্ছি, এসব ছোট ছোট ব্যাপারগুলো করছি। তবে কখনও কখনও আমাদের মান পড়ে যাচ্ছে। ভালো ব্যাপার হচ্ছে, মান উপরে নেওয়ার জন্য সামনে একটি ম্যাচ আছে।”

এরিক টেন হাগ বরখাস্ত হওয়ার পর ইউনাইটেডের কোচ হয়ে আসা অ্যামুরি বরাবরই গণমাধ্যমের সামনে অকপট। 

“আমি জানি, যখন আমি কথা বলি, চেষ্টা করি সৎ থাকার। যখনই আমরা এমন কোনো ম্যাচ হারব (গ্রিমসবির মতো) তখন কখনও বলব, খেলোয়াড়দের অপছন্দ করি আমি। কখনও আবার বলব, খেলোয়াড়দের আমি ভালোবাসি। কাজ করার জন্য এটাই আমার পথ।”