২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিগগিরই’ কোচিংয়ে ফিরছেন জিদান

সবশেষ রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন সাবেক ফরাসি মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 08:35 PM

Updated : 25 Oct 2022, 08:55 PM

এক বছরের বেশি সময় ধরে কোচিংয়ে নেই জিনেদিন জিদান। তার পরবর্তী ঠিকানা কোথায় হবে, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। কোচিং ক্যারিয়ারের শুরুতেই অভূতপূর্ব সাফল্য পাওয়া কিংবদন্তি এই মিডফিল্ডার বললেন, শিগগিরই তাকে আবার দেখা যাবে ডাগআউটে।

তার সম্ভাব্য গন্তব্য নিয়ে সবচেয়ে বেশি শোনা যায় ফ্রান্স জাতীয় দলের কথা। তবে ভবিষ্যৎ ঠিকানা নিয়ে কিছুই বলেননি জিদান।

পেশাদার কোচ হিসেবে এখন পর্যন্ত কেবল রিয়াল মাদ্রিদেই দায়িত্ব পালন করেছেন তিনি। প্রধান কোচ হিসেবে ২০১৬ সালে প্রথম মেয়াদে ক্লাবটির দায়িত্ব নিয়ে জেতেন রেকর্ড টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি লা লিগাসহ আরও কয়েকটি শিরোপা।

২০১৮ সালে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর আবার তিনি সান্তিয়াগো বের্নাবেউয়ে ফেরেন পরের বছর। জেতেন লা লিগা। এরপর ২০২১ সালে দায়িত্ব থেকে সরে দাঁড়ান ১৯৯৮ বিশ্বকাপ জয়ী জিদান।

এরপর থেকে বিভিন্ন সময়ে শোনা গেছে তার ফ্রান্স, পিএসজি ও ইউভেন্তুসের কোচ হওয়া নিয়ে গুঞ্জন। এর কোনোটিই আলোর মুখ দেখেনি।

সাম্প্রতিক সময়ে আবারও পুরনো গুঞ্জনে জোর হাওয়া লেগেছে; আসছে কাতার বিশ্বকাপের পর ফ্রান্স দলে দিদিয়ে দেশমের স্থলাভিষিক্ত হতে পারেন ৫০ বছর বয়সী জিদান।

ফ্রান্সের আরএমসি স্পোর্টকে গত সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে জিদান বলেন, আবার কোচিংয়ে ফেরা থেকে খুব দূরে নেই তিনি।

“আমি কোচিং করানোটা মিস করছি কি-না? না, (ফেরা থেকে) আমি বেশি দূরে নেই। আমরা অপেক্ষা করছি, একটু অপেক্ষায় আছি। শিগগিরই, শিগগিরই।”