২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমবাপের সঙ্গে পিএসজির চুক্তি ‘২৫ কোটি ডলারের’

প্রতি মৌসুমে প্রায় ৮ কোটি ৩০ লাখ ডলারের মতো পাবেন ফরাসি এই তারকা ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 10:48 PM

Updated : 06 Sep 2022, 10:48 PM

অঙ্কটা বিশাল, অনুমিতই ছিল। কিন্তু কতটা? প্রশ্ন ছিল এটাই। ছিল অনেক জল্পনা, গুঞ্জন আর নানা উড়ো খবর। অবশেষে পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপের আর্থিক চুক্তির বিস্তারিত জানা গেল। দা নিউ ইয়র্ক টাইমসের যা খবর, তাতে টাকার অঙ্কটা চোখধাঁধানোই।

এবারের দলবদলের মৌসুমে সবচেয়ে চমকপ্রদ ঘটনা ছিল এমবাপের পিএসজিতে থেকে যাওয়া। গত মৌসুম শেষে তার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া মনে করা হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু শেষ মুহূর্তে মন বদলে পিএসজিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।

পছন্দের ক্লাব রিয়ালে যোগ দেওয়ার ইচ্ছার কথা প্রকাশ্যেই বলেছিলেন এমবাপে। ক্লাব ছাড়ার সিদ্ধান্ত পিএসজিকে জানিয়েও দিয়েছিলেন তিনি। কিন্তু ফরাসি ক্লাবটি তাকে ছাড়তে ছিল নারাজ। স্পেনের সফলতম ক্লাব রিয়াল রেকর্ড ট্রান্সফার ফি দিতে চাইলেও ফিরিয়ে দেয় ফরাসি দলটি।

গত জানুয়ারিতে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে নতুন ঠিকানায় যোগ দেওয়ার পথ খুলে যায় এমবাপে। তখন রিয়ালের সঙ্গে আলোচনা অনেকদূর এগোনোর খবরও ছড়ায় গণমাধ্যমে। কয়েক মাসের নাটকীয়তা শেষে গত মে মাসে পিএসজির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেন ফরাসি তারকা।

দা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তিন মৌসুমের জন্য এমবাপের সঙ্গে ২৫ কোটি ডলারের চুক্তি করেছে পিএসজি। প্রতি মৌসুমে যা প্রায় ৮ কোটি ৩০ লাখ ডলারের বেশি। পাশাপাশি, নতুন চুক্তি করার জন্য তাকে ‘সাইনিং-অন বোনাস’ দেওয়া হয়েছে আরও প্রায় ১২ কোটি ৫০ লাখ ডলার।

‘ফ্রি এজেন্ট’ হয়ে যাওয়া কোনো খেলোয়াড় ফুটবল ইতিহাসে এত বেশি সাইনিং বোনাস পায়নি।

ক্যারিয়ারের অতীত, বর্তমান, ভবিষ্যৎ ও পিএসজির সঙ্গে নতুন চুক্তি নিয়ে সম্প্রতি দা নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলেন এমবাপে। মঙ্গলবার প্রকাশিত সেই সাক্ষাৎকারে ২৩ বছর বয়সী এই ফুটবলার অবশ্য দাবি করেন, তার পিএসপিজতে থেকে যাওয়ার মুল কারণ টাকা নয়।

“কারণ, যেখানেই যাই, আমি অর্থ পাবই। এই মানের খেলোয়াড়ই আমি, যে কোনো জায়গায় যাই…।”

এমবাপেকে পিএসজিতে রাখতে তার সঙ্গে সরাসরি কথা বলেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ২০১৮ বিশ্বকাপজয়ী এই ফুটবলার বললেন, রাষ্ট্রপ্রধানের সঙ্গে এসব আলোচনা তার নিজের জন্যও ছিল বড় চমক।

“কখনও কল্পনাও করিনি, আমার ভবিষ্যৎ, ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে কথা বলব প্রেসিডেন্টের সঙ্গে। এটি ছিল পাগলাটে মুহূর্ত, সত্যিই পাগলাটে।”

“তিনি বলেছিলেন, ‘আমি চাই তুমি থাকো, যেহেতু তুমি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, চাই না এখন তুমি পিএসজি ছেড়ে যাও’। তার কথা ছিল, ‘ক্লাব বদলানোর সময় আসবে, আরও কিছুদিন এখানে তুমি থাকতে পারো।’ অবশ্যই প্রেসিডেন্ট যখন এমন কিছু বলেন, সেটা গুরুত্ব দেওয়ার মতো।”