২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

শমিত-ফারহানদের নিয়ে পুরো দল একসঙ্গে অনুশীলনের অপেক্ষা

ভিসা জটিলতা কাটিয়ে দলে যোগ দিয়েছেন সোহেল রানাও, জাকার্তায় পুরো স্কোয়াড একসঙ্গে প্রথম অনুশীলন করবে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 01:48 PM

Updated : 22 Sep 2026, 01:48 PM

ইংল্যান্ড থেকে জাকার্তায় পৌঁছেছেন ফারহান আলি ওয়াহিদ। নিউ ইয়র্ক থেকে গিয়ে দলে যোগ দিয়েছে শমিস সোম। ভিসা জটিলতা কাটিয়ে বাংলাদেশ থেকে পৌঁছে গেছেন সোহেল রানা। সবাই দলে যোগ দেওয়ায় আসিয়ান কাপে বাংলাদেশের স্কোয়াড পেয়েছে পূর্ণতা।

সব ঠিক থাকলে জাকার্তায় বাংলাদেশের পুরো দল একসঙ্গে প্রথম অনুশীলন করবে মঙ্গলবার বিকেলে।

ইংল্যান্ড থেকে ফারহান দলে যোগ দেন সোমবার রাতে। ফুলহ্যাম থেকে এখন ধারে পঞ্চম বিভাগের দল বোরহ্যাম উড এফসিতে খেলছেন ১৯ বছর বয়সী উইঙ্গার।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টার দিকে জাকার্তায় পৌঁছান শমিত। একটু পরই পৌঁছে যান মিডফিল্ডার সোহেল রানা।

টিম হোটেলে পৌঁছে বাফুফের ভিডিও বার্তায় শমিত বলেন, সামনের সময়টায় তাকিয়ে মাঠে নামতে তর সইছে না তার।

“সবার সঙ্গে যোগ দিতে পেরে ভালো লাগছে। আমরা একটি বড় প্রতিযোগিতায় খেলছি। আশা করি খুব ভালো করতে পারব আমরা। আমি আত্মবিশ্বাসী যে আমরা ভালো করতে পারব।

নতুন একটি পথচলা শুরু হচ্ছে আমাদের, নতুন দল ও নতুন কোচের সঙ্গে। গত ২-৩ মাস ধরে সবকিছূ যা হচ্ছে এবং সামনে আসিয়ান কাপ, সাফ যা আসছে, খুব রোমাঞ্চকর সময় বাংলাদেশ ফুটবলের জন্য, আমার জন্য। মুখিয়ে আছি এবং এবং ফিরতে পেরে ভালো লাগছে।”

আসিয়ান কাপে খেলতে বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছে রোববার ভোরে। সোমবার দুপুরে দলে যোগ দেন হামজা চৌধুরি।

মালেয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুক্রবার শুরু হবে বাংলাদেশের মাঠের লড়াই। ‘এ’ গ্রুপের অন্য দুই দল সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। তিন প্রতিপক্ষই ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে।

সবকটি ম্যাচই বাংলাদেশ খেলবে জাকার্তার ৭৭ হাজার দর্শক ধারণ ক্ষমতার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।