২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের সাকার বিশ্বকাপ খেলা অনিশ্চিত

নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন আর্সেনাল ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 12:19 AM

Updated : 31 Oct 2022, 12:39 AM

সপ্তাহ তিনেক পর শুরু হবে কাতার বিশ্বকাপ। এমন সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেন বুকায়ো সাকা। তাতে এই ইংলিশ ফরোয়ার্ডের বিশ্বকাপে খেলা সম্ভাবনা পড়ে গেল শঙ্কার মুখে।

প্রিমিয়ার লিগে রোববার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে দলের ৫-০ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন আর্সেনাল ফরোয়ার্ড সাকা। তবে বেশিক্ষণ খেলতে পারেননি তিনি।

১৫তম মিনিটে প্রতিপক্ষের চ্যালেঞ্জে ব্যথা পান ২১ বছর বয়সী এই ফুটবলার। প্রাথমিকভাবে গোড়ালির চোট বলেই ধারণা করা হচ্ছে। তখন মাঠে কিছুক্ষণ চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান তিনি। তবে ২৬তম মিনিটে ফের পড়ে গেলে তাকে তুলে নেন কোচ মিকেল আর্তেতা। ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠেন তারা।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৬ ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে চারটি গোল করিয়েছেন সাকা।

ইংল্যান্ড খুব করে চাইবে সাকার চোট যেন গুরুতর না হয় এবং বিশ্বকাপের আগে সময়মতো তিনি যেন সেরে ওঠেন। কারণ, ইংল্যান্ড দলের কোচ গ্যারেথ সাউথগেটের পরিকল্পনার গুরুত্বপূর্ণ সদস্য সাকা।

এবারের বৈশ্বিক আসর শুরু হবে আগামী ২০ নভেম্বর। চূড়ান্ত স্কোয়াড জমা দিতে দলগুলোকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ফিফা।

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে থাকা ইংল্যান্ডের প্রথম ম্যাচ আগামী ২১ নভেম্বর, ইরানের বিপক্ষে। এই গ্রুপের অন্য দুই দল ওয়েলস ও যুক্তরাষ্ট্র।