২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার বিপক্ষে লড়াইয়ের আগে রেয়ালের জোড়া ধাক্কা

চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় ক্লাসিকোয় খেলতে পারবেন না গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ফরোয়ার্ড রদ্রিগো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 09:19 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

মৌসুমের প্রথম ক্লাসিকোর আগে জোড়া ধাক্কা খেল রেয়াল মাদ্রিদ। চোটের কারণে বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন না মাদ্রিদের দলটির প্রথম পছন্দের গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ফরোয়ার্ড রদ্রিগো।

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৫-২ গোলে জেতা ম্যাচে এই দুজন পায়ের পেশিতে চোট পেয়েছেন বলে পরদিন বিবৃতিতে জানিয়েছে রেয়াল।

গত মাসে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচেও একই জায়গায় চোট পেয়েছিলেন বেলজিয়ান গোলরক্ষক কোর্তোয়া।

রদ্রিগোর চোট কতটা গুরুতর ও কতদিন তাকে বাইরে থাকতে হবে, তা বুঝতে বৃহস্পতিবার তার এমআরআই স্ক্যান করানো হবে। তবে ক্লাবের আশা, আগামী মাসের শুরুতে ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে এই ব্রাজিলিয়ানকে পাবে তারা।

এসিএল চোটের কারণে আগে থেকে বাইরে আছেন রেয়ালের অধিনায়ক দানি কারভাহাল ও আরেক ডিফেন্ডার ডাভিড আলাবা। পায়ের চোটে এক মাসের বেশি সময় বাইরে থাকার পর এই সপ্তাহে অনুশীলন শুরু করেছেন ব্রাহিম দিয়াস। এই মিডফিল্ডারকে বার্সেলোনার বিপক্ষে পেতে পারে রেয়াল।  

বের্নাবেউয়ে আগামী শনিবার লিগ ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রেয়াল।