Published : 08 Sep 2026, 05:35 PM
চুক্তি ছিল দুই বছরের। কিন্তু ফাবিও গ্রস্সো টিকলেন না তিন মাসও। আরও নির্দিষ্ট করে বললে, তিন ম্যাচেই শেষ ফিওরেনিন্তার কোচ হিসেবে তার পথচলা। ইতালির বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্ডারকে বরখাস্ত করেছে ক্লাবটি। তার বদলে দায়িত্ব পেয়েছেন পাওলো ভানোলি। গত মৌসুমেও আচমকা দায়িত্ব পেয়ে ফিওরেন্তিনাকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন এই কোচ।
গত মৌসুমে সেরি আ-তে টানা ১০ ম্যাচ জয়বিহীন থাকার পর স্তেফানো পিওলিকে বরখাস্ত করে গত নভেম্বরে দায়িত্বে আনা হয়েছিল ভানোলিকে। তার কোচিংয়ে মোটামুটি ঘুরে দাঁড়িয়ে রেলিগেশনের শঙ্কা এড়িয়ে ১৫ নম্বরে থেকে লিগ শেষ করে দলটি। কনফারেন্স লিগের কোয়ার্টার-ফাইনালেও পা রাখে তারা। সেখানে হেরে যায় ক্রিস্টাল প্যালেসের কাছে, পরে যারা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।
মৌসুম শেষে গত ৮ জুন নতুন কোচের দায়িত্ব পান গ্রস্সো। কিন্তু তার কোচিংয়ে এবারের সেরি আ মৌসুমের শুরুটা জঘন্য করেছে ফিওরেন্তিনা। তিন ম্যাচের সবকটিতে হেরেছে তারা। ১টি মাত্র গোল করে হজম করেছে ৯টি। পয়েন্ট তালিকায় ২০ দলের মধ্যে এখন তারা সবচেয়ে তলানিতে।
এমন শুরুর পর আর গ্রস্সোর ওপর ভরসা করতে পারেনি ফিওরেন্তিনা। ২০০৬ বিশ্বকাপে ইতালির জয়ের নায়কদের একজন সাবেক এই ডিফেন্ডারকে ছাঁটাই করে দিল ক্লাবটি। ফিরিয়ে আনা হলো বিপদের বন্ধু ভানোলিকে।
৫৪ বছর বয়সী কোচের নতুন অধ্যায় শুরু হবে আগামী শুক্রবার ভেনেৎসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০২২ থেকে ২০২৪ সময়ে এই দলের কোচ ছিলেন ভানোলি। এবারই সেরি আ-তে উঠে আসা দলটির শুরুও হয়েছে বাজে। তিন ম্যাচের কোনোটিতে জিততে পারেনি তারা।