গত বিশ্বকাপের পেনাল্টি-হতাশা ভুলতে আগামী বিশ্বকাপের ট্রফি চান কেইন
গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টিতে ব্যর্থ হওয়ার সেই সময়টাকে হ্যারি কেইন বলছেন তার জীবনের সবেচয়ে বাজে মুহূর্ত।
মাঠে নামলেই গোল। গায়ের জার্সি ক্লাবের হোক বা দেশের, গোল করেই চলেছেন হ্যারি কেইন। তিনি নিজেই বলছেন, ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন। তবে স্বপ্নের সময়েও একটি দুঃস্বপ্ন তাকে তাড়া করে প্রায়ই। গত বিশ্বকাপে পেনাল্টি থেকে যে গোল করতে পারেননি! সেই ব্যর্থতার অধ্যায়কে পুরোপুরি চাপা দিতে আগামী বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরতে চান ইংল্যান্ড অধিনায়ক।
লাটভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে মঙ্গলবার ইংল্যান্ড নিশ্চিত করেছে আগামী বিশ্বকাপে খেলা। দুর্দান্ত ফর্মে থাকা কেইন করেছেন দুই গোল।
বাছাইপর্ব উতরানোর পর কেইন তাকাচ্ছেন আগামী বছরের বিশ্বকাপে। তবে পেছনে ফিরে তাকাতে হচ্ছে তাকে গত বিশ্বকাপেও। কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার পেনাল্টিতে সমতা ফিরিয়েছিল ইংল্যান্ড। কিন্তু আরেকটি পেনাল্টি পেয়ে তিনি উড়িয়ে মারেন ওপর দিয়ে। ফ্রান্স ম্যাচটি জিতে নেয় ২-১ গোলে।
এমনিতে পেনাল্টিতে তিনি সবসময়ের সবচেয়ে বড় নির্ভরতা। সুযোগ হাতছাড়া করেন কমই। চলতি মৌসুমেই যেমন, কোনো পেনাল্টিতে তিনি ব্যর্থ হননি। এজন্যই তিন বছর আগের সেই ব্যর্থতা আরও বেশি পোড়ায়, ব্রিটিশ সংবাদমাধ্যমকে বললেন কেইন।
“আমি বলব, জীবনের সবচেয়ে বাজে অনুভূতি ছিল তখনই। ফাইনাল আমি আগেও হেরেছি। তবে ওই সময় ওই দায়িত্বটি পাওয়া, মনে হচ্ছিল আমার ওপরই সব নির্ভর করছে। ক্যারিয়ারে যে কাজটি অনেকবার করেছি, সেটিই তখন করতে না পারা… মনে হচ্ছিল, এটা হজম করা ও মেনে নেওয়ার চেয়ে কঠিন কিছু আর নেই।”
পেশাদার জীবনের নিয়মে পরে সামনে তাকিয়েছেন কেইন। সেই আঘাত আর এখন দগদগে নেই। তবে ক্ষত শুকিয়েও যায়নি পুরোপুরি। আগামী বিশ্বকাপের শিরোপাই হতে পারে তার যন্ত্রণার একমাত্র উপশম।
“এখন অবশ্য সেটি নিয়ে খুব বেশি ভাবি না। বড় আরেকটি টুর্নামেন্টের পর চেষ্টা থাকে মানিয়ে নিতে সামনে এগিয়ে যাওয়ার। গত ইউরোর সেমি-ফাইনালে গোল করেছি, সেখানেও চাপ কিছু কম ছিল না।”
“তবে গত বিশ্বকাপের স্মৃতির কথা বললে… হ্যাঁ, আমি আগামী বিশ্বকাপে তাকিয়ে আছি এটি শুধরে দিতে এবং আরও এগিয়ে যেতে এবং সেই পরিক্রমায় স্বপ্ন দেখি ট্রফি উঁচিয়ে ধরতে। সুযোগ সবসময়ই আছে। ওই ধরনের মুহূর্তগুলি মানুষ হিসেবে, ফুটবলার হিসেবে সমৃদ্ধ হতে সহায়তা করে এবং আমাকেও নিশ্চিতভাবে সহায়তা করেছে আরও ভালো ফুটবলার হয়ে উঠতে।”
গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে বুন্ডেসলিগা জয় করা কেইন নতুন মৌসুম শুরু করেছেন অসাধারণ ফর্মে থেকে। ক্লাব ও দেশের হয়ে চলতি মৌসুমে ২১ গোল করে ফেলেছেন কেবল ১৩ ম্যাচেই। ইংল্যান্ডের ইতিহাসের সফলতম গোলস্কোরার দেশের হয়ে তার গোলসংখ্যা বাড়িয়ে করেছেন ৭৬।
এখন তার চোখ সেঞ্চুরিতে। এই পথটুকু তিনি দারুণগতিতে পাড়ি দিতে পারবেন বলেই বিশ্বাস ৩২ বছর বয়সী তারকার।
“আমার মনে হয়, এটা নাগালেই আছে। যেমন অনুভব করছি আমি, খুব সহসাই থেমে যাচ্ছি না। ক্যারিয়ারের সেরা ফুটবল খেলছি এবং যত দিন সম্ভব, এটা ধরে রাখতে চাই। আমার গোল এখন ৭৬টি। আর কেবল ২৪টি প্রয়োজন। বিশ্বকাপের আগে কিছু ম্যাচ আছে, এরপর চেষ্টা থাকবে একশর দিকে এগিয়ে যাওয়ার।”
