১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্যালন দ’রের জন্য ‘ভিক্ষা’ চাইব না: ইয়ামাল

বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ তারকা বিশ্বাস, মৌসুমজুড়ে যেভাবে তিনি খেলেছেন, তাতে এমনিতেই তার পুরস্কারটি জেতার ভালো সম্ভাবনা আছে।

ব্যালন দ’রের জন্য ‘ভিক্ষা’ চাইব না: ইয়ামাল
লামিন ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 07:50 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

ক্লাবকে জিতিয়েছেন লা লিগা, দেশকে বিশ্বকাপ। বার্সেলোনা ও স্পেনের এই দুই অভিযানেই খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ছিলেন লামিন ইয়ামাল। মাঠে নামলেই প্রতিপক্ষের রক্ষণে মুহর্মুহু কাঁপন ধরানো এই স্প্যানিশ ফরোয়ার্ড এবার প্রথমবারের মতো জিততে পারেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন দ’র। তারও সেই বিশ্বাস আছে, তবে সেজন্য কারো কাছে ‘হাতজোড় করে’ ভোট চাইতে নারাজ এই তারকা।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ফাইনর্টের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বার্সেলোনা। কাম্প নউয়ে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ১০টা ৪৫ (পিএম) এ। 

এর আগের দিন ঘোষণা করা হচ্ছে এবারের ব্যালন দ’রের লড়াইয়ের মনোনীতদের তালিকা। তাই ইয়ামালের সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই ওঠে বর্ষসেরা ফুটবলের এই পুরস্কারের প্রসঙ্গ। তরুণ ফরোয়ার্ডের বিশ্বাস, মৌসুমজুড়ে যেভাবে তিনি খেলেছেন, তাতে তার এটা জেতার ভালো সম্ভাবনা আছে। যদিও পুরো বিষয়টা তার হাতে নেই, বলেন তিনি।

“আমি জিতব কি না, এটা মনে হয় না এখন আর আমার ওপর নির্ভর করে। সাংবাদিকদের ওপর নির্ভর করছে। দল (ক্লাব) ও জাতীয় দলের হয়ে আমি যা কিছু করেছি, তা অবিশ্বাস্য। যদি আমি এটা জিতি, সবার প্রতি কৃতজ্ঞ থাকব। আমি অবশ্য মনে করি যে, আমার সম্ভাবনা আছে।”

সাংবাদিকদের ভোটে নির্বাচিত হয় বর্ষসেরা ফুটবলার। আগামী ২৬ অক্টোবর লন্ডনে ব্যালন দ’রের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ী। 

তাই নিজের জন্য যদি ভোট চাইতে চান, তাহলে মাইক্রোফোন আপনার সামনেই আছে- এক সাংবাদিকের এমন কথায় যেন একটু বিরক্তই হন ইয়ামাল।

“না, আমার মনে হয় না ব্যালন দ’র জয়ের জন্য আমার প্রচারণা চালাতে হবে। কোনোকিছু নিয়ে কাউকে আমার সন্তুষ্ট করতে হবে না। এই বছর আমি খুব ভালো পারফর্ম করেছি এবং এটা জেতার জন্য আপনার কাছে আমার ভোট ভিক্ষা চাইতে হবে না।”