২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলিংহ্যামকে দলে না রাখার কারণ জানালেন কোচ

এই মিডফিল্ডারকে দলে না রাখায় প্রশ্নের পর প্রশ্ন ছুটে গেল ইংল্যান্ড কোচ টমাস টুখেলের দিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2025, 12:23 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

‘জুডকে নিয়ে আপনাদের এত আগ্রহের কারণ বুঝতে পারছি’, এক পর্যায়ে এমনটি বলতে বাধ্য হলেন টমাস টুখেল। জুড বেলিংহ্যামকে নিয়েই যে একের পর এক প্রশ্ন ছুটে যাচ্ছিল তার দিকে! ইংল্যান্ড কোচ নিজেও বললেন, এই মিডফিল্ডারকে পেলে দল আরও বেশি সমৃদ্ধ হয়। তার পরও এমন একজন ফুটবলারকে দলে না রাখার কারণ তুলে ধরলেন কোচ। 

ওয়েলসের বিপক্ষে সামনের প্রীতি ম্যাচ ও লাটভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের ইংল্যান্ড দলে বেলিংহ্যামকে রাখেননি টুখেল। গত মাসে অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে জয়ের স্কোয়াডই তিনি ধরে রেখেছেন। দলে জায়গা পাননি তাই ফিল ফোডেন ও জ্যাক গ্রিলিশও। 

দীর্ঘদিনের কাঁধের সমস্যা থেকে মুক্তি পেতে মৌসুম শুরুর আগে অস্ত্রোপচার করান বেলিংহ্যাম। মৌসুমের শুরুতে তাই অনেক দিন তিনি ছিলেন মাঠের বাইরে।

সম্প্রতি সুস্থ হয়ে তিনি রেয়াল মাদ্রিদের হয়ে ফিরেছেন মাঠে। তবে টুখেলের মতে, ফিটনেস ও পারফরম্যান্সে এখনও নিজের সেরা অবস্থায় ফিরতে পারেননি ২২ বছর বয়সী এই ফুটবলার। 

“অবশ্যই সে স্পেশাল এক ফুটবলার। স্পেশাল ফুটবলারদের জন্য সবসময়ই স্পেশাল নিয়ম ও ব্যবস্থাও থাকতে পারে। সেখানে সমস্যা নেই। তবে এই ক্যাম্পের জন্য আমরা আগের দলকে ধরে রাখার সোজসুজি সিদ্ধান্তই নিয়েছি। বাড়তি কিছু ভাবতে চাইনি।”

“এর বাইরেও আরেকটি ব্যাপার আছে। রেয়াল মাদ্রিদে সে এখনও পুরোপুরি ছন্দ ফিরে পায়নি। দলে ফিরেছে বটে, তবে এখনও পর্যন্ত পুরো একটি ম্যাচ মাঠে থাকেনি। শুরুর একাদশে ছিল মোটে একবার।”

টুখেল অবশ্য নিশ্চিত করেছেন, বেলিংহ্যামের সঙ্গে ফোনে কথা হয়েছে তার এবং ২২ বছর বয়সী এই মিডফিল্ডার থাকতে চেয়েছিলেন ইংল্যান্ডের স্কোয়াডে।

বেলিংহ্যামের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সমস্যা আছে কি না বা সম্পর্কের টানাপোড়েন চলছে কি না, এমন প্রশ্নও করা হলো টুখেলকে। গত জুনে সেনেগালের বিপক্ষে পরাজয়ের পর ওয়াটার কুলারে লাথি মেরেছিলেন এই মিডফিল্ডার। সেই ঘটনায় টুখেলের মায়ের মন্তব্য ঘিরে নানা আলোচনা-সমালোচনার এক পর্যায়ে ক্ষমা চান ইংল্যান্ড কোচ। 

ফোডেন ও গ্রিলিশের সঙ্গে কোচের সম্পর্ক নিয়ে প্রশ্ন তো নিয়মিতই উঠছে। তবে সব উড়িয়ে দিয়ে টুখেল বললেন, বিকল্প ফুটবলার বেশি তৈরি রাখতেই তিনি অনেককে পরখ করে দেখছেন।

“নাহ, কারও সঙ্গে কোনো সমস্যা নেই আমার। ফিল ও আমার মধ্যে কোনো ঝামেলা নেই, জ্যাকের সঙ্গে কোনো সমস্যা নেই। ওরা সবাই স্পেশাল ফুটবলার। ফিল ম্যানচেস্টার সিটির হয়ে ভালো প্রভাব রাখতে শুরু করেছে, জ্যাক তার সেরা চেহারার কাছাকাছি আছে।”

“জুডকে পেলে আমাদের দল কি আরও শক্তিশালী? অবশ্যই! সে কি মাঝমাঠে বিশ্বের সেরা ফুটবলারদের একজন? নিশ্চিতভাবেই। তবে এটি দলীয় খেলা। আমাদেরকে নানা কিছুর সমাধান খুঁজতে হয়। গত ক্যাম্পে সেই সমাধান আমরা পেয়েছি। প্রভাববিস্তারি ফুটবলারদের চোট সমস্যা তো যে কোনো সময়ই হতে পারে। একজনের ওপর নির্ভর করা কখনোই ভালো কিছু নয়।”

১৪ অক্টোবর লাটভিয়ার বিপক্ষে ম্যাচটি জিতলে ও অন্য ম্যাচের ফল পক্ষে এলে সেদিনই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলতে পারে ইংল্যান্ড।