২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিনিসিউস-এমবাপের নৈপুণ্যে জয়ে ফিরল রেয়াল

ভিয়ারেয়ালকে হারিয়ে আপাতত লা লিগার শীর্ষে উঠে গেল শাবি আলোন্সোর দল।

ভিনিসিউস-এমবাপের নৈপুণ্যে জয়ে ফিরল রেয়াল
জোড়া গোলে রেয়াল মাদ্রিদকে জয়ের পথে এগিয়ে নেন ভিনিসিউস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 03:01 AM

Updated : 26 Aug 2026, 02:24 PM

ম্যাড়মেড়ে প্রথমার্ধের পর জেগে উঠল রেয়াল মাদ্রিদ। বিরতির পর নিজেদের মেলে ধরলেন ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপে। তাদের নৈপুণ্যে লা লিগায় জয়ে ফিরল শাবি আলোন্সোর দল। 

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে ৩-১ গোলে জিতেছে রেয়াল। 

দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে নেওয়ার পর সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস। ভিয়ারেয়াল ব্যবধান কমানোর পর শেষ দিকে দলের তৃতীয় গোলটি করেন এমবাপে।

ম্যাচের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় ভিয়ারেয়াল। গোল করার পর চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপে। 

প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৬টি শট নেয় রেয়াল, এর সাতটি ছিল লক্ষ্যে। ভিয়ারেয়ালের ৯ শটের দুটি ছিল লক্ষ্যে।

ঘরের মাঠে সপ্তম মিনিটে প্রথম সুযোগ পায় রেয়াল। ডি বক্সের ভেতর থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি আর্দা গিলের। ২০তম মিনিটে কিলিয়ান এমবাপের শট কাছের পোস্টে ঝাঁপিয়ে ঠেকান ভিয়ারেয়াল গোলরক্ষক আর্নাউ তেনাস। প্রথমার্ধে ১২ শটের এই একটি কেবল লক্ষ্যে রাখতে পারে রেয়াল। 

দুই মিনিট পর ভিনিসিউসের ক্রসে খুব কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি অহেলিয়া চুয়ামেনি। পরের মিনিটে কর্নারের পর পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে যান ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। কিন্তু চমৎকারে ব্লকে তাকে হতাশ করেন রেনাতো ভেইগা।

২৭তম মিনিটে সুযোগ তৈরি করেন মাস্তানতুয়োনো। দূরের পোস্টে তার ক্রসে খুব কাছ থেকে এবারও হেড লক্ষ্যে রাখতে পারেননি চুয়ামেনি।

খেলার ধারার বিপরীতে ৪১তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পান তানি ওলুওয়াসেই। আলবের্তো মোলেইরোর দুর্দান্ত থ্রু বল ধরে সঙ্গে লেগে থাকা দুই ডিফেন্ডারকে একটু পেছনে ফেলে এগিয়ে যান তিনি। কিন্তু শট নেন থিবো কোর্তোয়ার কাছ ঘেঁষে। ঝাঁপিয়ে হাত বাড়িয়ে নিচু শট ঠেকিয়ে দেন রেয়াল গোলরক্ষক।

চার মিনিট পর মাস্তানতুয়োনোর গতিময় শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় রেয়াল। ৪৭তম মিনিটে এমবাপের ফ্লিকে বাইলাইনের কাছে বল পান ভিনিসিউস। বল পায়ে ডি বক্সের ভেতরে ঢুকে আরও এগিয়ে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দূরের পোস্ট লক্ষ্য করে শট করেন তিনি। মাঝপথে সান্তি কোমেসানার বাড়ানো পায়ে লেগে বল দিক পাল্টে কাছের পোস্ট ঘেঁষে জালে জড়ায়।

প্রথমার্ধে বল পেলেই খেলার গতি কমিয়ে দিচ্ছিল ভিয়ারেয়াল। বিরতির পর গোল হজম করায় খেলার ধরনে পরিবর্তন আনে তারা। 

৬২তম মিনিটে গোল পেতে পারত দলটি। কিন্তু নিকোলাস পেপের দারুণ ক্রসে ফাঁকা জালে টোকা দেওয়ার মতো তার কোনো সতীর্থ সেখানে ছিলেন না। 

সাত মিনিট পর সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় রেয়াল।  

৭২তম মিনিটে কয়েক সেকেন্ডের মধ্যে জুড বেলিংহ্যামের দুটি শট ঠেকিয়ে দেন তেনাস। পরের মিনিটে ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে ব্যবধান কমান জর্জেস মিকাউতাদজে। ঝাঁপিয়েও একটুর জন্য বলের নাগাল পাননি কোর্তোয়া।

চার মিনিট পর বড় একটা ধাক্কা খায় ভিয়ারেয়াল। ভিনিসিউসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সান্তিয়াগো মোরিনো। ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। 

৮১তম মিনিটে ব্যবধান ফের দুই গোলে নিয়ে যান এমবাপে। ব্রাহিম দিয়াসের পাস পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড। 

এর দুই মিনিট পর চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপে। তার জায়গায় নামেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।

৮ ম্যাচে সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেসেছে রেয়াল। আগের রাউন্ডে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তাদের ৫-২ গোলে হারের সুযোগ কাজে লাগিয়ে চূড়ায় ওঠা বার্সেলোনা নেমে গেছে দুইয়ে। 

৭ ম্যাচে ১৯ পয়েন্ট পাওয়া শিরোপাধারীরা নিজেদের পরের ম্যাচে জিতলেই ফিরবে শীর্ষে।

টানা জয়ের পর হারের তেতো স্বাদ পাওয়া ভিয়ারেয়াল ১৬ পয়েন্ট নিয়ে আছে তিনে। আসরে এটি তাদের দ্বিতীয় হার।