২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এটা কেবল শুরু’, বললেন ইয়ামাল

লিওনেল মেসিকে সবার সেরা মেনে বার্সেলোনার এই তরুণ সেনশেসন বললেন- নিজের জন্যও গল্প লিখতে চান তিনি।

‘এটা কেবল শুরু’, বললেন ইয়ামাল
শিরোপা নিশ্চিত করার ম্যাচে চমৎকার গোলে দলকে এগিয়ে নেওয়ার পর সতীর্থদের মধ্যমণি লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2025, 04:17 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

দৃষ্টিনন্দন গোল করছেন একের পর এক, সতীর্থের গোলে অবদান রাখছেন নিয়মিত, ম্যাচের নির্ণায়ক হয়ে উঠছেন হরহামেশাই। লামিনে ইয়ামাল এই তরুণ বয়সে যে ঝলক দেখাচ্ছেন, দ্যুতি ছড়াচ্ছেন, তাতে তাকে ঘিরে প্রত্যাশার পারদ কেবলই চড়ছে উঁচুতে। ইয়ামাল নিজে কী ভাবছেন নিজেকে নিয়ে?

প্রশংসার স্রোত, তুলনার বাড়াবাড়ি-এসব একেবারে পাত্তা দেন না ইয়ামাল। মহাতারকা লিওনেল মেসির সাথে তুলনাতে তাই ভীষণ আপত্তি, যেটা তিনি আগেও বলেছেন। একাধিকবার। কাতালান ডার্বিতে এস্পানিওলকে হারিয়ে বার্সেলোনার লা লিগার শিরোপা পুনরুদ্ধারের পর ইয়ামাল জানালেন নিজের ভাবনা।

বরাবরের মতোই তিনি মেসিকে পরিয়ে দিয়েছেন শ্রেষ্ঠত্বের মুকুট। তাই বলে নিজেকে নিয়েও তার উচ্চাশা কম নয়। নিজেকে ইয়ামাল দেখতে চান প্রাপ্তির সপ্তামাকাশে উড়তে।

“মেসি সেরা, আমিও চাই আমার গল্প লিখতে।”  

সে গল্প লেখার পথে দারুণ গতিতে ছুটছেন ইয়ামাল। সাফল্যে ভরা না হলেও সফল একটা মৌসুম কাটালেন তিনি। এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে বৃহস্পতিবার লা লিগার শিরোপা এক মৌসুম পর ফিরে পেয়েছে বার্সেলোনা। এ ম্যাচে নান্দনিক গোলে বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ফেরমিন লোপেসের ব্যবধান দ্বিগুণ করা গোলের সুরও বেঁধে দিয়েছেন তিনিই।

বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা এই তরুণ ম্যাচ শেষে যে বার্তা দিয়েছেন, সেখানে তারুণ্যের অহম আছে। নিজেকে চূড়ায় দেখতে চাওয়ার তীব্র আকাঙ্খাও আছে।

“আমি বার্সেলোনা সমর্থকদের বলতে চাই, এটা কেবল শুরু। জিততে জিততে ক্লান্ত হওয়া আমার পক্ষে অসম্ভব। এটা (জয়ের মানসিকতা) আমার মগজে স্থায়ীভাবে আছে।”

এরই মধ্যে বার্সেলোনার হয়ে দুটি লা লিগা, একটি করে কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ জিতেছেন ইয়ামাল। ব্যক্তিগত অর্জনের শোকেসে আলো ছড়াচ্ছে স্পেনের হয়ে জেতা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফিও।

১৭ বছর বয়সী এই তরুণ ঘোরলাগা আনন্দ নিয়ে দিয়েছেন আগামী দিনের বার্তা। তার ওপর আস্থা রাখা বার্সেলোনার সাবেক কোচ শাভিকেও কৃতজ্ঞতায় বাঁধলেন ইয়ামাল।

“এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। বার্সেলোনার হয়ে লা লিগা জেতা অবিশ্বাস্য আনন্দের, কিন্তু আমরা যেটা অর্জন করতে চাই, সে হিসেবে এটা স্রেফ শুরু।”

“আমরা শাভির প্রতি ভীষণ কৃতজ্ঞ। তাকে ছাড়া এগুলোর কোনোটাই হত না। তিনি অনেক তরুণ খেলোয়াড়কে (সিনিয়র টিমে) অভিষেকের সুযোগ দিয়েছিলেন এবং এজন্য তাকে এখান থেকে ধন্যবাদ জানাতে চাই।”

ইয়ামালের চাওয়া আছে আরও, যদিও ২০২৪-২৫ মৌসুমে তিনি বার্সেলোনার মূল দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। লিগে সম্ভাব্য ৩৬ ম্যাচের ৩৩টিতে খেলেছেন, গোল করেছেন ৮টি, অ্যাসিস্ট ১৫টি। অর্থাৎ সরাসরি তিনি সম্পৃক্ত ২৩ গোলে, লা লিগার ইতিহাসে যা এক মৌসুমে সবচেয়ে কম বয়সী হিসেবে গোল ও অ্যাসিস্টের রেকর্ড।

এ মৌসুমে বার্সেলোনার লিগ শিরোপা ফিরে পাওয়ার ক্ষেত্রে রেয়াল মাদ্রিদ ও আথলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে নির্ণায়ক ছিলেন ইয়ামাল। জানালেন, সামনের দিনগুলোতেও তিনি ছুটতে চান দুর্বার গতিতে।

“নিজের ক্লাবের সাফল্যে অবদান রাখা ছাড়া আমি অন্য বিষয় নিয়ে ভাবি না। বাইরের মানুষ কী বলে, সেগুলো পাত্তা দেই না। আমি মনোযোগ দেই ম্যাচে এবং আমার ক্লাবের জন্য আমি এটাই করে যাব ধারাবাহিকভাবে।