গোল উদযাপনের জন্য আরবেলোয়ার কাছে ক্ষমা চাইলেন মরিনিয়ো
৯৮তম মিনিটে গোলরক্ষকের গোলের পর বেনফিকার খেলোয়াড়, কোচ সবার উদযাপন ছিল বাঁধনহারা।
রেয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের পর বাঁধনহারা উদযাপনের জন্য দলটির কোচ আলভারো আরেলোয়ার কাছে ক্ষমা চাওয়ার কথা বললেন বেনফিকা কোচ জোসে মরিনিয়ো।
উদযাপনের উপলক্ষটাও অবশ্য তেমনই ছিল। যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোলরক্ষক আনাতোলি ত্রুবিনের গোলে ৪-২ ব্যবধানের জয় পায় বেনফিকা। এক গোলের পার্থক্যে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে-অফে জায়গা করে নেয়নি দলটি।
শেষ সময়ের ওই গোলের পর আত্মহারা হয়ে উদযাপনে মেতে ওঠেন মরিনিয়োর, তার কোচিং স্টাফ, বদলি খেলোয়াড়রা। দৌড়ে মাঠে ঢুকে পড়েন তারা। নিজের সাবেক খেলোয়াড় ও রেয়ালের বর্তমান কোচ আরবেলোয়ার ঠিক সামনে উপরের দিকে হাতছুঁড়ে ও দর্শকদের দিকে ইঙ্গিত করে জয় উদযাপন করেন মরিনিয়ো।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেয়াল, চেলসি ও ইন্টার মিলানের সাবেক কোচ কথা বলেন ওই উদযাপন নিয়ে।
“নিজের উদযাপনের জন্য আমি ক্ষমা চাইছি। তবে আলভারো ফুটবলেরই একজন। সে পুরোপুরি বুঝতে পারবে ওই মুহূর্তে আপনি ভুলে যাবেন যে, এটা রেয়াল মাদ্রিদ। বেঞ্চে আলভারো এবং (রেয়াল মাদ্রিদের প্রতিনিধি) চেন্দু ও নিজেদের সব লোক, আপনি সব ভুলে যাবেন। আমি ক্ষমা চাইছি।”
২০১০ থেকে ২০১৩ পর্যন্ত সান্তিয়াগো বের্নাবেউয়ে থাকার সময়ে আরবেলোয়াকে কোচিং করার মরিনিয়ো। সেই সময়ে স্প্যানিশ ডিফেন্ডার হয়ে ওঠেন মাঠে তার লেফটেন্যান্টদের একজন।
রেয়ালের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর নিজের ওপর পর্তুগিজ কোচ মরিনিয়োর প্রবল প্রভাবের কথা বলেন আরবেলোয়া। তবে তাকে অনুকরণ না করার কথাও বলেন তিনি।
