দর্শকের ছোড়া বস্তুর আঘাতে লাইন্সম্যান আহত, ম্যাচ পণ্ড
সহকারী রেফারি দিয়েগো মার্তিনের কপাল থেকে রক্ত ঝরতে দেখা যায়।
আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল প্রতিযোগিতার ম্যাচ চালাকালে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। গ্যালারি থেকে দর্শকের ছোড়া বস্তুর আঘাতে কেটে যায় লাইন্সম্যান দিয়েগো মার্তিনের কপাল। পরে স্থগিত করা হয়েছে ম্যাচটি।
আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনে মঙ্গলবার গোদোই ক্রুস ও তায়েরেসের মধ্যকার ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মুহূর্ত আগে ঘটনাটি। তখন গোলশূন্য ছিল লড়াইটি।
সহকারী রেফারি মার্তিনের কপাল থেকে রক্ত ঝরতে দেখে দ্রুত চিকিৎসা সহায়তার জন্য ডাক দেন মূল রেফারি ফালকন পেরেস। পরে তিনি মাঠ থেকে টিউবের মতো কিছু একটা তোলেন।
ওই ঘটনার আগে প্রথমার্ধে কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। ৩৭তম মিনিটে হেডে বল জালে পাঠান গোদোই ক্রুসের নিকোলাস ফের্নান্দেস। কিন্তু ভিএআরে লম্বা সময় পর্যালোচনার পর অফসাইডের বাঁশি বাজান রেফারি।
