২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্যারিশম্যাটিক আনচেলত্তিকেই দরকার এই ব্রাজিলের’

অবশ্য এর মাঝে কিছুটা খারাপ লাগা থাকার কথাও বললেন এই তারকা মিডফিল্ডার।

‘ক্যারিশম্যাটিক আনচেলত্তিকেই দরকার এই ব্রাজিলের’
আনচেলত্তির কোচিংয়ে ব্রাজিলের কক্ষপথে ফেরার আশা করছেন কাসেমিরো (বাঁয়ে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2025, 04:02 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

কাতার বিশ্বকাপের পর আরেকটি বিশ্বকাপ চলে এসেছে বছরখানেকের দূরত্বে। কিন্তু একটি জায়গায় কোনো পরিবর্তন আসেনি, ব্রাজিল দলের ছন্দহীন পথচলা। ধারাবাহিক ব্যর্থতার ইতি টানতে, দলকে কক্ষপথে ফেরাতে, অনেক চেষ্টার পর কার্লো আনচেলত্তিকে পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অভিজ্ঞ ও দারুণ সফল এই কোচকে পেয়ে আশাবাদী হয়ে উঠেছেন দলটির তারকা মিডফিল্ডার কাসেমিরো।

আনচেলত্তির কোচিংয়ে রেয়াল মাদ্রিদে তিন মৌসুম খেলে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি লা লিগা জয়ের স্বাদ পেয়েছিলেন কাসেমিরো। বিখ্যাত এই কোচের কৌশল ও দলে তার প্রভাব সম্পর্কে খুব ভালোভাবে জানা তার। সবকিছুর বিবেচনায় তার মতে, নিজেদের খুঁজে ফেরা ব্রাজিলের বর্তমান দলটিকে পথে ফেরাতে আনচেলত্তির মতো বিশেষ একজনকেই দরকার।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তির ভূয়সী প্রশংসা করলেন কাসেমিরো। একই সঙ্গে তার কোচিং ব্রাজিলের নতুন যুগের সূচনার আশাবাদও ব্যক্ত করলেন তিনি।

“তিতে (২০২২ বিশ্বকাপের পর সরে দাঁড়ান এই ব্রাজিলিয়ান কোচ) চলে যাওয়ার পর, ব্রাজিল দলের জন্য তাকেই (আনচেলত্তি) দরকার ছিল। তার মতো একজন পেশাদারের, তার মতো এক বড় নামের এবং যে সম্মান আদায় করে নিতে পারে, এমন একজনের প্রয়োজন ব্রাজিলের।”

গত সোমবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, চলতি লা লিগা মৌসুম শেষে রেয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিবেন আনচেলত্তি। ব্রাজিলের সুদীর্ঘ ফুটবল ইতিহাসে এই প্রথম কোনো বিদেশি কোচ পেতে যাচ্ছে দেশটির জাতীয় দল। 

আগামী ২৬ মে থেকে নতুন চ্যালেঞ্জ যাত্রা শুরু হবে ৬৫ বছর বয়সী আনচেলত্তির। ইউরোপের শীর্ষ পাঁচ লিগেই শিরোপা জয়ের অনন্য কীর্তি গড়া এই ইতালিয়ান কোচ কাসেমিরোর চোখে অসাধারণ।

“এই মানুষটি অসাধারণ, অবিশ্বাস্য একজন কোচ। যেভাবে তিনি ফুটবল নিয়ে কথা বলেন, ফুটবলকে যেভাবে বোঝেন তিনি, সবকিছুই অসাধারণ।”

“(তার সঙ্গে ব্রাজিল দলকে) আসুন উপভোগ করি, কারণ তিনি জেতেন বা হেরে যান, (যেকোনো ক্ষেত্রে) যখন তিনি ফুটবল নিয়ে কথা বলেন, তার মধ্যে ক্যারিশমা ফুটে ওঠে। বিশেষ ওই শক্তি খেলোয়াড়দের মাঠে পারফর্ম করতে উদ্বুদ্ধ করে, তাদের মধ্যে থেকে সেরাটা বের করে আনে।”

গত দুই বিশ্বকাপেই কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়া ব্রাজিল সবশেষ কোপা আমেরিকায় নকআউট পর্বের প্রথম ধাপ থেকেই ছিটকে পড়ে। চলতি ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বেও সময়টা ভীষণ খারাপ কাটছে তাদের; ১৪ রাউন্ডে মাত্র ছয়টিতে জয়ী দলটি ২১ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে, শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে। 

সবশেষ ম্যাচে, বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার মাঠে ভরাডুবি হয় তাদের। ৪-১ গোলে ওই হারের পরই চাকরি হারান ওই সময়ের কোচ দরিভাল জুনিয়র। 

ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জয়ী কোচ আনচেলত্তির সামনে তাই খুব কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেই পথে তার প্রথম মিশন জুনের বিশ্বকাপ বাছাইপর্ব; আগামী ৫ জুন একুয়েডরের বিপক্ষে ম্যাচের পাঁচ দিন পর প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলবে সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জয়ীরা। 

দীর্ঘ ও সফল কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম কোনো জাতীয় দলে দেখা যাবে আনচেলত্তিকে। সেটাও স্বল্পমেয়াদে। গণমাধ্যমের খবর, সিবিএফের সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছেন তিনি। তাতে ঠিক খুশি হতে পারছেন না কাসেমিরো।

“এমন উঁচু মানের একজন কোচ ব্রাজিল জাতীয় দলকে কোচিং করাবেন জেনে আমি খুশি। তবে একই সঙ্গে কিছুটা দু:খিতও, তাকে অল্প সময়ের জন্য পাব আমরা। কারণ আমি তাকে ব্যক্তিগতভাবে জানি, তাকে আমি খুব ভালোভাবে জানি, তাই মাত্র এক বছর…সময়টা যথেষ্ট নয়।”

২০২২ সালে রেয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া কাসেমিরো সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন তার পরের বছর। তবে আসছে দুই ম্যাচের দলে তার ফেরার সম্ভাবনার গুঞ্জন শোনা যাচ্ছে।